সংবাদকর্মীর বাসা ভাঙচুর আসামি গ্রেপ্তার হয়নি
রাজধানীর শ্যামপুরে সন্ত্রাসীরা চাঁদার জন্য একজন সংবাদকর্মীর বাসা ভাঙচুর করেছে। হামলার তিন দিন পরও পুলিশ চাঁদাবাজদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।শ্যামপুর থানায় দায়ের করা মামলার উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, কিছুদিন ধরে স্থানীয় সন্ত্রাসীরা যুগান্তর পত্রিকার প্রধান সম্পাদনা সহকারী আতিকুর রহমানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত মঙ্গলবার দুপুরে ফালান ওরফে ল্যাড়া ফালানের নেতৃত্বে স্থানীয় এক দল সন্ত্রাসী শহীদনগরের আতিকুর রহমানের বাসার দরজার কড়া নাড়ে। ভেতর থেকে দরজা খুলে না দেওয়ায় সন্ত্রাসীরা বাসা ভাঙচুর করে। সন্ত্রাসীরা আতিকুর রহমানকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে আতিকুর রহমান বাদী হয়ে ফালানসহ ছয়জনের নাম উল্লেখ করে থানায় চাঁদাবাজির মামলা করেন। আতিকুর রহমান অভিযোগ করেন, এজাহারভুক্ত আসামিরা এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।