সংবাদপত্র ও চ্যানেল অনুমোদনের প্রক্রিয়া স্বচ্ছ করার আহ্বান
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সংবাদপত্র ও চ্যানেল অনুমোদনের প্রক্রিয়া স্বচ্ছ হওয়া প্রয়োজন।রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে গতকাল বুধবার ‘বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ, উত্তরণের উপায়’ শীর্ষক এই আলোচনা হয়। আলোচনা শেষে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার, ২০১১ দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, সাংবাদিকদের জন্য এক কোটি টাকার কল্যাণ তহবিল গঠনে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বৃহ ৎ পুঁজির প্রবেশ বাংলাদেশের জন্য একটি সমস্যা। এ কারণে অনুমোদন-প্রক্রিয়াটি স্বচ্ছ হওয়া প্রয়োজন। সুলতানা কামাল বলেন, তথ্য শক্তি। কিন্তু যাঁর কাছে তথ্য আছে তাঁকে দায়িত্বশীল হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান বলেন, অনেক প্রতিষ্ঠান মফস্বলের সাংবাদিকদের বেতন-ভাতা দেয় না। সরকারের উচিত হবে এসব প্রতিষ্ঠানের কর্ণধারদের সঙ্গে আলোচনায় বসা।বাংলাদেশ টেলিভিশন ও বেতারের কার্যক্রমকে আরও মানসম্মত ও গতিশীল করার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাখাওয়াত আলী খান। উত্তরে তথ্যমন্ত্রী বলেন, সরকার চেষ্টা করছে।অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। উপস্থিত ছিলেন টিআইবির অন্যতম ট্রাস্টি এম হাফিজউদ্দিন খান।পুরস্কার পেলেন পাঁচজন: আলোচনা শেষে টিআইবির ২০১১ সালের দুর্নীতি বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ঘোষণা করা হয়। এবার প্রিন্ট মিডিয়া জাতীয় বিভাগে সাপ্তাহিক শীর্ষ কাগজ-এর মোহাম্মদ নাইমুদ্দিন, প্রিন্ট মিডিয়া আঞ্চলিক বিভাগে যৌথভাবে খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল-এর এইচ এম আলাউদ্দিন ও চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর কণ্ঠর এ এইচ এম আহসান উল্লাহ এবং ইলেকট্রনিক মিডিয়া বিভাগে এটিএন নিউজের মাশহুদুল হক পুরস্কার পান। এই প্রতিবেদনটি মানুষের সামনে তুলে ধরায় ক্যামেরায় থাকা হাবিবুর রহমানও পুরস্কৃত হন। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের প্রত্যেককে ৮০ হাজার টাকার চেক, সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হয়। হাবিবুর রহমানকে দেওয়া হয় ২০ হাজার টাকার চেক। তথ্যমন্ত্রী পুরস্কার তুলে দেন।