সংবাদপত্র ও সাংবাদিকদের নিয়ে বিষোদ্গারের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্র ও সাংবাদিক সমাজের ওপর সরকারের লাগাতার বিষোদ্গারের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবসহ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতারা। গতকাল রোববার এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, নিজের ব্যর্থতা আড়াল করতে গণমাধ্যমকে দায়ী করা, খবর ঢেকে দেওয়া বা খবর বানিয়ে তোলার অপচেষ্টা ব্যর্থ হলে প্রথমে গণমাধ্যমকে দোষারোপ এবং পরে নিবর্তনমূলক আইন জারির চেষ্টা এ দেশের মানুষের জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সম্প্রতি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের ক্ষেত্র তৈরিতে এক শ্রেণীর সংবাদপত্র ও সাংবাদিক কাজ করছেন। এ ধরনের মন্তব্য দুঃখজনক ও আপত্তিকর উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেন, জনগণকে সত্য জানানোর সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব সূত্রে সরকারের ব্যর্থতা, অদক্ষতা তুলে ধরা সংবাদপত্রের জগৎ-স্বীকৃত কর্মকাণ্ডের অংশ। সরকার-প্রধানকে হত্যার ষড়যন্ত্রে কখনো এ দেশের সাংবাদিক বা সংবাদপত্র জড়িত ছিল না, থাকবেও না। তাই স্থানীয় সরকারমন্ত্রীর এ ধরনের দাবির দায়দায়িত্ব তাঁরই।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহিদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন এই বিবৃতি দেন।সাংবাদিক নেতারা বলেন, আড়াই বছর ধরে সরকার, শাসক দল ও নানা আইন প্রয়োগকারী সংস্থার হাতে সাংবাদিক নির্যাতন ও সংবাদপত্র দলন চলছে। নির্যাতন, মানহানির মামলা, কারাদণ্ড ও চাকরিচ্যুতির ফলে প্রায় দুই হাজার সাংবাদিক আক্রান্ত হয়েছেন। প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ক্রসফায়ারে ৪১৯ জন নিহত হয়েছেন, পুলিশি হেফাজতে সুপ্রিম কোর্টের আইনজীবী এম ইউ আহমেদের হত্যাকাণ্ড, সর্বোপরি বিরোধী দলসহ ভিন্নমত পীড়নে ধারাবাহিক অগণতান্ত্রিকতা ও অমানবিকতা রাষ্ট্রকে আজ অস্থিরতায় নিমজ্জিত করেছে।বিবৃতিতে বলা হয়, বেসরকারি টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া, বাসস ও বিটিভি থেকে ভিন্নমতের সাংবাদিকদের চাকরিচ্যুতি, টক শো এবং নিউজের ওপর পরোক্ষ সেন্সরশিপের পাশাপাশি সংবাদপত্র ও সাংবাদিক সম্পর্কে কয়েকজন মন্ত্রীর হুংকার ফ্যাসিবাদেরই নামান্তর। চলচ্চিত্রকার তারেক মাসুদ ও গণমাধ্যমব্যক্তিত্ব আশফাক মুনীরের সড়ক দুর্ঘটনায় হূদয়বিদারক মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট জনমনের ক্ষোভকে ব্যঙ্গ করা, বেহাল সড়ক, দলীয় বিবেচনায় নির্বিচারে ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংশ্লিষ্ট মন্ত্রীদের অশোভন মন্তব্য ও সংসদে তাঁদের সমালোচনাকে স্তব্ধ করার ঘটনাগুলো মনে করিয়ে দেয়, নির্বাহী বিভাগের জবাবদিহির জন্য রাষ্ট্রের আর কোনো প্রতিষ্ঠান অবশিষ্ট নেই। সাংবাদিক নেতারা বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, রাষ্ট্রের স্তম্ভগুলো একযোগে গণমাধ্যমকে স্তব্ধ করতে চাইলেও পারে না। তাঁরা আরও বলেন, মানুষের জানার ইচ্ছাগুলোতে সাড়া দেওয়ার ঐতিহাসিক দায়িত্ব একমাত্র সংবাদপত্র ও সাংবাদিক সমাজের।