সংবাদপত্র কার্যালয়ে আগুন, সাংবাদিকদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরানা পল্টনের র‌্যাংগ্স ভবনে আগুন দিয়েছে হামলাকারীরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন ও সংঘর্ষের কারণে ওই ভবনে থাকা সকালের খবর পত্রিকার বেশির ভাগ সাংবাদিক ও কর্মী গতকাল রোববার কার্যালয়ে প্রবেশ করতে পারেননি।এ ছাড়া গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েকটি বেসরকারি টেলিভিশনের গাড়ি ভাঙচুর করা হয়েছে। হেফাজতের কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন কয়েকজন সাংবাদিক ও ক্যামেরাম্যান।সময় টেলিভিশনের প্রতিবেদক সাইফুল রুদ্র গতকাল বায়তুল মোকাররমের উল্টা পাশে টেলিভিশনে সরাসরি অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সাইফুল প্রথম আলোকে বলেন, ‘হেফাজতের কয়েকজন কর্মী এ সময় বলতে থাকেন—তুই এখানে ক্যান? তোর তো শাহবাগে থাকার কথা। এরপর সেখ.ান থেকে চলে যাই। একটু পরে আবার সেই দলের সামনে পড়ি। এ সময় হাতে মাইক্রোফোন না থাকায় র‌্যাবের কর্মীদের আক্রমণের শিকার হই।’ দৈনিক জনকণ্ঠ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক ফিরোজ মান্না মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান। গতকাল বেলা তিনটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে গোলাগুলি শুরু হয়। ফিরোজ জানান, প্রেসক্লাবের উল্টা পাশে বিএমএ গলি দিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে যাওয়া একজনকে তুলতে গেলে একটি ইট লেগে তাঁরা মাথা ফেটে যায়।মোহনা টেলিভিশনের প্রতিবেদক নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, বেলা দুইটার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেটে ওভারব্রিজের নিচে মোহনা টেলিভিশনের ক্যামেরাম্যানকে হেফাজতের কর্মীরা পেটাতে শুরু করেন। এ সময় নাসির এগিয়ে গেলে তাঁকেও হেফাজতের কর্মীরা লাঠি দিয়ে মারধর করেন। বাংলানিউজ টোয়েন্টি ফোর ডটকমের ফটোসাংবাদিক জাহিদ উদ্দিন আহমেদ ইম্পেরিয়াল হোটেলের কাছে ছবি তুলতে গেলে আক্রমণের শিকার হন। তিনি জানান, মাথায় একটি ইট লেগে মাথা ফেটে যায়।হেফাজতের কর্মীদের হামলায় গাজী টেলিভিশনের প্রতিবেদক সাজ্জাদ হোসেন, ক্যামেরাম্যান মো. লিটনসহ কয়েকজন আহত হয়েছেন।এ ছাড়া এটিএন নিউজ, সময় সংবাদসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের গাড়ি ভাঙচুর করেছেন হেফাজতের কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে আগুন দেওয়ার একপর্যায়ে সিপিবি কার্যালয়ের উল্টো দিকের র‌্যাংগ্স ভবনে আগুন দেওয়া হয়। এ সময় ওই ভবনের প্রহরীদেরও মারধর করা হয়। ওই ভবনের আটতলা ও নবমতলায় সকালের খবর-এর কার্যালয়। প্রত্যক্ষদর্শীরা জানান, র‌্যাংগ্স ভবনের আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস চেষ্টা করলে হেফাজতের লোকজন তাতে বাধা দেন। পরে পুলিশের পাহারায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। সকালের খবর পত্রিকার প্রধান প্রতিবেদক সাইফ দিলাল প্রথম আলোকে বলেন, ‘আগুন ও সংঘর্ষের কারণে তাঁদের বেশির ভাগ সাংবাদিক ও কর্মী কার্যালয়ে আসতে পারেননি। তবে এই অবস্থার মধ্যেও সোমবার সীমিত আকারে পত্রিকা বের হবে।’