সংবাদপত্র ডিক্লারেশন বাতিলের ক্ষমতা নিয়ে উদ্বেগ জামায়াতের
সংবাদপত্রের ডিক্লারেশন বাতিলের দায়িত্ব জেলা প্রশাসকদের হাতে দেওয়ার সরকারি উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, দেশ পরিচালনায় সীমাহীন ব্যর্থতা ঢাকতে এবং বিরোধী দলকে দলনের জন্য সরকার এ কালো আইন পুনরুজ্জীবিত করে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করতে চায়।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে এ দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, ১৯৯১ সালে বিচারপতি সাহাবুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১৯৭৩ সালের প্রেসেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্টের ১৬(ক) ধারা বাতিল করা হয়। ওই ধারায় জেলা ম্যাজিস্ট্রেটদের হাতে সংবাদপত্রের ডিক্লারেশন বাতিলের ক্ষমতা ছিল। এখন জেলা প্রশাসকদের হাতে এই ক্ষমতা দেওয়া হলে নানা অজুহাতে সংবাদপত্রের ডিক্লারেশন বাতিলের সুযোগ পাবে সরকার। ফলে সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করতে পারবে না।