সংবাদপত্র পরিবহনে বাধা, উদ্বেগ এজেন্ট অ্যাসোসিয়েশনের
সারা দেশে কয়েক দিন ধরে পত্রিকা পরিবহনের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। সংবাদপত্রের এজেন্ট ও হকারদের নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন ও পত্রিকা বিতরণে বাধা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা, দিনাজপুর, টাঙ্গাইল ও নীলফামারীসহ দেশের বিভিন্ন এলাকায় পত্রিকা পরিবহনের গাড়িতে হামলা হয়েছে। এ ছাড়া গাড়ি ভাঙচুর, হকারদের মারধর এবং পত্রিকা কেড়ে নিয়ে আগুন করা হয়েছে। এতে বিভিন্ন এলাকার পাঠকেরা পত্রিকা থেকে বঞ্চিত হয়েছে।অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের সদস্য নই। এজেন্ট কিংবা হকারদের একান্ত দায়িত্ব এবং পেশা হচ্ছে পাঠকের কাছে পত্রিকা পৌঁছে দেওয়া। তাই পত্রিকা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে এজেন্ট ও হকারদের কাছে পৌঁছাতে পারে, সে জন্য প্রশাসনকে সহযোগিতার জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।