সংবাদপত্র বিক্রয়কর্মীদের মেধাবী সন্তানদের পাশে প্রথম আলো

২৫ বছর আগে এইচএসসি পাস করেছিলেন সিলেটের নিধিরঞ্জন দাস। এরপর অর্থাভাবে পড়াশোনা ছেড়ে সংবাদপত্র বিক্রির কাজ শুরু করলেও সংসারের অভাব পুরোপুরি ছেড়ে যায়নি কখনো। নিধিরঞ্জনের ছেলে ইষ্টরঞ্জন দাস চলতি বছর সিলেট পাইলট উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। কিন্তু নিজের শারীরিক অসুস্থতা ও আর্থিক অনটনের মধ্যে ছেলের পড়াশোনা চালিয়ে নেওয়ার ব্যাপারে অনিশ্চয়তার মধ্যে পড়েন তিনি। এ অবস্থায় নিধিরঞ্জনের কাছে আশার আলো হয়ে এসেছে তাঁর ছেলের জন্য প্রথম আলোর দেওয়া বৃত্তি।
গতকাল মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি এবং সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির আওতাধীন ঢাকা এবং ঢাকার বাইরের বিক্রয়কর্মীদের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত সন্তানের জন্য এক সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে ইষ্টরঞ্জন দাস বলে, ‘অসুস্থ থাকায় পড়াশোনার পাশাপাশি পত্রিকা বিক্রির কাজেও বাবাকে সাহায্য করতে হয়। এর মধ্যেও এসএসসিতে ভালো ফল হয়েছে। কিন্তু তারপর কী হবে তা আর ভাবতে পারছিলাম না। এ অবস্থায় প্রথম আলোরসহযোগিতার কথা শুনে মনের জোর ফিরে পেয়েছি।’
ইষ্টরঞ্জনের মতো চলতি বছর এসএসসিতে জিপিএ-৫ পাওয়া এ রকম ১২ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে প্রথম আলোকর্তৃপক্ষ। বৃত্তি হিসেবে তাদের প্রত্যেককে বই কেনা ও ভর্তি বাবদ এককালীন আড়াই হাজার টাকা দেওয়া হয়। পরবর্তী সময়ে প্রতি মাসে তাদের দেড় হাজার টাকা করে দেওয়া হবে। এর সঙ্গে গত বছর বৃত্তি পাওয়া ১০ শিক্ষার্থীকেও সংবর্ধনা দেওয়া হয় এদিন। সনদ ছাড়াও উপহার হিসেবে তাদের সবার জন্য ছিল বই।
অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বিক্রয়কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘শেষ বিচারে বিক্রয়কর্মীরা হচ্ছেন সেই ব্যক্তি, যাঁদের মাধ্যমে পত্রিকাটা পাঠকের হাতে পৌঁছায়। এ জন্য আপনারা কমিশন পান। কিন্তু সেটা আপনাদের ন্যায্য পাওনা, অধিকার। এর বাইরেও আপনাদের জন্য কিছু করাটা আমাদের দায়িত্ব।’ বিক্রয়কর্মীদের সন্তানের জন্য এ বৃত্তি কার্যক্রম তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও চালু থাকবে বলে ঘোষণা দেন তিনি।
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান মো. মোস্তফা কামাল বিক্রয়কর্মীদের সন্তানের জন্য প্রথম আলোর এ উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রথম আলোর প্রধান বাণিজ্য কর্মকর্তা তানভীর আহমদ ও সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সম্পাদক মো. আলাউদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিক্রয়কর্মী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।