সংবাদপত্র বিক্রয়কর্মীরা রেইনকোট পেয়ে খুশি
প্রথম আলোর পক্ষ থেকে গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা ও নাটোরে সংবাদপত্র বিক্রয়কর্মীদের রেইনকোট দেওয়া হয়েছে। তিন জেলায় মোট ৮৩ জন রেইনকোট পেয়েছেন। বিক্রয়কর্মীরা রেইনকোট পেয়ে খুশি। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাই-নবাবগঞ্জ সদরে ২৪ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর বিতরণ ও উৎপাদন বিভাগের প্রধান রিফাত আবদুল্লাহ শেখ, আঞ্চলিক বিক্রয় নির্বাহী আখ্তারুজ্জামান ও চাঁপাইনাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। একই দিন নাচোল বাসস্ট্যান্ড মোড়ে আরও পাঁচজনকে রেইনকোট দেওয়া হয়। রেইনকোট পেয়ে বিক্রয়কর্মী তোফাজ্জল হোসেন বলেন, ‘বর্ষাকালের কষ্টের দিনে প্রথম আলো আমাদের নিয়ে ভেবেছে। আমরাও প্রথম আলোর কথা ভাবব।’ সাতক্ষীরা: জেলা সদরের ১৭ জন বিক্রয়কর্মী রেইনকোট পেয়েছেন। এ সময় অন্যদের মধ্যে প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, বিতরণ বিভাগের সহকারী ব্যবস্থাপক শামিমুল আলম, আঞ্চলিক বিক্রয় নির্বাহী মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। পরে কলারোয়া সদরেও আরও নয়জনকে রেইনকোট দেওয়া হয়। রেইনকোট পেয়ে সাতক্ষীরা শহরের বিক্রয়কর্মী মো. আসানুল্যাহ বলেন, ‘বছরের পর বছর বৃষ্টিতে ভিজেপুড়ি কাগজ দে আসতেছি। ভিজে ভিজে সর্দি-জ্বর-কাশি সারতি চায় না। প্রথম আলোর রেইনকোট পাইয়ে আর বৃষ্টিতে ভিজতে হবে না।’নাটোর: নাটোর শহরে রেইনকোট পেয়েছেন ২৮ জন বিক্রয়কর্মী। রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রথম আলোর আঞ্চলিক বিক্রয় নির্বাহী আক্তারুজ্জামান সরকার ও নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন উপস্থিত ছিলেন। রেইনকোট পেয়ে বিক্রয়কর্মী শিশির কুমার বলেন, ‘৪১ বছর ধরে মানুষের দুয়ারে পত্রিকা বিলি করছি। কেউ আমাদের সুস্থতা নিয়ে ভাবেন না। প্রথম আলো প্রথম আমাদের এই সমস্যার কথা চিন্তা করল। আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’