সংবাদপত্র সরকার ও বিরোধী দলকে পথনির্দেশনা দেয় : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্র সরকার ও বিরোধী দলের পথনির্দেশনা তৈরি করে দেয়। আর বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতেও সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ জন্য বিচার বিভাগ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক অত্যাবশ্যক।
আজ বুধবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘প্রতিদিনের সংবাদ’ নামের একটি জাতীয় দৈনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রে ক্রমাগত উগ্রতা ও অসহিষ্ণুতা ছড়িয়ে পড়ছে মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, মানুষের মধ্যে সহিষ্ণু ভাব আশ্চর্যজনকভাবে লোপ পাচ্ছে। এই উগ্রতা ও অসহিষ্ণুতা মোকাবিলায় মানুষকেই এগিয়ে আসতে হবে। সন্ত্রাসবাদ জাতীয় এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
নারী ও শিশু অধিকার প্রসঙ্গে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘নারী ও শিশু অধিকার ও মানবাধিকার বিষয়ে আমাদের সমাজ তথা রাষ্ট্র এখনো যথেষ্ট যত্নবান নয়। ফলে অহরহ নারী অধিকার ও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে—একটি সভ্য সমাজে যা কোনোভাবেই কাম্য নয়। নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে এলেও এখনো বহু ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। রাষ্ট্রে সমতা বিধানে নারীর সম–অধিকার প্রতিষ্ঠা করতেই হবে।’
প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের কার্যক্রম বিষয়ে সময়োপযোগী সংবাদ প্রকাশ করে গণমাধ্যম বিচার বিভাগের যুগান্তকারী সংস্কার সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আইনের শাসন প্রতিষ্ঠায় সংবাদপত্র তথা সাংবাদিক সমাজ অত্যন্ত জোরালো ভূমিকা রাখতে পারে।
প্রতিদিনের সংবাদ পত্রিকার সম্পাদক আবু সাঈদ খান বলেন, সাংবাদিক হত্যার বিচার হওয়া জরুরি। শিশু রাজন হত্যার যেমন দ্রুত বিচার হয়েছে, তেমনি সাংবাদিক হত্যার বিচারও দ্রুত হওয়া উচিত। তা না হলে একধরনের ভয়ের সংস্কৃতি তৈরি হয়।
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। এ ছাড়া বক্তব্য দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সাংসদ ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রকাশক তাজুল ইসলাম।