
ঘরে ঘরে খবর ফেরি করেই দিন কাটে তাঁদের। সারা দিনের ব্যস্ততায় মাঠে গিয়ে খেলার ফুরসত হয় না খুব একটা। এমন অপেশাদার খেলোয়াড়দের নিয়েই গতকাল মঙ্গলবার আয়োজন করা হয়েছিল দিনব্যাপী প্রীতি ফুটবল টুর্নামেন্টের।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়েরা সবাই ঢাকা ও আশপাশের এলাকার সংবাদপত্রের হকার। অপেশাদার হলেও দারুণ ক্রীড়াশৈলী ও টান টান উত্তেজনায় ভরা ম্যাচ দিয়ে তাঁরা সারা দিন মাতিয়ে রেখেছিলেন দর্শকদের। টুর্নামেন্ট উপলক্ষে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মাঠ সাজানো হয় উৎসবের রঙে। মাঠজুড়ে সাজসজ্জা, রঙিন পতাকা, জার্সি পরা খেলোয়াড়দের আনাগোনা ও দর্শক-সমর্থকদের উৎসাহে জমে ওঠে এই টুর্নামেন্ট।
প্রথম আলোর উদ্যোগে আয়োজিত ‘সংবাদপত্র হকার প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০১৭’ শুরু হয় বেলা ১১টায়। শেষ হয় সন্ধ্যা ছয়টায়। দিনভর কাদামাটির মাঠে বলের পেছনে ছুটে দর্শকদের মাতিয়ে রাখেন খেলোয়াড়েরা। প্রতিপক্ষ দলের জালে বল ঢোকাতে পারলেই খেলোয়াড়-দর্শক-সমর্থকদের ‘গোওওওওল’ বলে উচ্ছ্বাস-উল্লাস ছিল চোখে পড়ার মতো।
টুর্নামেন্টে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ১৮টি, হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ৫টি ও ভাসমান হকারদের ১টি দল অংশ নেয়। সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির দলগুলো হচ্ছে মতিঝিল-১, মতিঝিল-২, বলাকা-২, বাংলামোটর, তেজগাঁও, মিরপুর-১১, যাত্রাবাড়ী-১, যাত্রাবাড়ী-২, আবদুল্লাহপুর, সদরঘাট-২, পোস্তগোলা, বারিধারা-১, বারিধারা-২, রাজারবাগ, কমলাপুর, বোর্ডবাজার, কোনাবাড়ী ও নবীনগর। হকার্স কল্যাণ সমিতির দলগুলো হচ্ছে ইডেন ও নবীনগর, নবাবপুর, বিমানবন্দর, সেনানিবাস ও বসুন্ধরা।
চারটি করে দলকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠে হকার্স বহুমুখী সমবায় সমিতির কোনাবাড়ী কেন্দ্র ও হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নবাবপুর কেন্দ্র। ফাইনাল খেলা শুরু হয় বিকেল সাড়ে পাঁচটায়। ভেজা মাঠের প্রতিবন্ধকতা এড়িয়ে দুই দলই ভালো শুরু করে। কিন্তু খেলা শুরুর ৫ মিনিটের মাথায় দারুণ একটি শটে বল নবাবপুরের জালে পাঠিয়ে দেন প্রতিপক্ষের কাউসার। এরপর নবাবপুর এই গোল শোধ করার প্রাণান্ত চেষ্টা করেও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১-০ গোলে এবারের ট্রফি জিতে নেয় কোনাবাড়ী কেন্দ্র। বিজয়ী দলের অধিনায়ক মহিন উদ্দিন মোল্লা বলেন, ‘যাত্রাবাড়ী কেন্দ্রের সঙ্গে ড্র ছাড়া সব কটি খেলায় আমাদের জিততে হয়েছে। সবাই ভালো খেলেছেন বলেই আমরা জিততে পেরেছি।’ তিনি বলেন, ‘কাজের জন্য নিয়মিত খেলার সুযোগ হয় না। আমাদের জন্য এমন আয়োজন করায় আমরা গর্বিত।’
রানার্সআপ দল নবাবপুর কেন্দ্রের অধিনায়ক দীন মো. দিলু বলেন, ‘এমন আয়োজনের অংশ হতে পেরে আমরা খুবই আনন্দিত। খেলায় জয়-পরাজয় কোনো বিষয় নয়। এমন আয়োজনের মধ্য দিয়ে সবার সঙ্গে সুন্দর একটি দিন কেটেছে, এটাই বড় কথা।’
ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলকে প্রথম আলোর পক্ষ থেকে ৩০ হাজার টাকা, রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে ৫ হাজার টাকা সম্মানী দেওয়া হয়।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন বসুন্ধরা কেন্দ্রের রাশেদুল কবির। তিনি বলেন, তাঁর বাবা ফুটবল খেলতেন। কাজের পাশাপাশি সময় পেলেই তিনি ফুটবল খেলেন। স্বপ্ন দেখেন জাতীয় দলে খেলার।
এ ফুটবল উৎসবে জাতীয় দলের সাবেক অধিনায়ক জুয়েল রানা উপস্থিত ছিলেন। ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোস্তফা কামাল ও হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনসহ সংবাদপত্র হকার্স সংগঠনের নেতারা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। দিনব্যাপী এ আয়োজনের বিভিন্ন পর্যায়ে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, সহযোগী সম্পাদক আনিসুল হক, ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, মহাব্যবস্থাপক (সার্কুলেশন) এ বি এম জাকারিয়া, প্রশাসন বিভাগের প্রধান শেখ জামাল আখতার, হিসাব বিভাগের প্রধান জসিম উদ্দিন, উপমহাব্যবস্থাপক (হিসাব) পলাশ রঞ্জন ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে চিকিৎসাসেবা দিয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল।