সংবাদপত্রকে শিল্প ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্র মালিকদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে সেবা খাত থেকে সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাও রয়েছে। এসব তথ্য জানিয়ে সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তাঁর আশা, এর ফলে দেশে শক্তিশালী সংবাদপত্র শিল্প গড়ে উঠবে।
বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির (নোয়াব) নেতাদের সঙ্গে বৈঠককালে শিল্পমন্ত্রী আজ মঙ্গলবার এ ঘোষণা দেন। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অতিরিক্ত শিল্পসচিব ফরহাদ উদ্দিন, নোয়াবের সভাপতি মাহবুবুল আলম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, সমকাল-এর প্রকাশক এ কে আজাদ, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসাইন উপস্থিত ছিলেন।
বৈঠকে সংবাদপত্রের মালিকেরা এ ঘোষণার জন্য সরকারের প্রশংসা করেন। তাঁদের আশা, এতে দেশের সংবাদপত্র শিল্প এইচএস কোডের আওতায় সরকারের দেওয়া বিভিন্ন সুবিধা পাবে। দ্রুত গেজেট প্রকাশের মাধ্যমে এ শিল্পের বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন নোয়াবের নেতারা।