সংবাদপত্রকে শিল্প ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে গতকাল মন্ত্রণালয়ে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির নির্বাহী কমিটির সদস্যরা বৈঠক করেন ।  ছবি: পিআইডি
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে গতকাল মন্ত্রণালয়ে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির নির্বাহী কমিটির সদস্যরা বৈঠক করেন । ছবি: পিআইডি

সংবাদপত্রের মালিকদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে সরকার সেবা খাত থেকে সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাও রয়েছে।
এসব তথ্য জানিয়ে সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তাঁর আশা, এর ফলে দেশে শক্তিশালী সংবাদপত্রশিল্প গড়ে উঠবে।
বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির (নোয়াব) নেতাদের সঙ্গে গতকাল মঙ্গলবার বৈঠককালে শিল্পমন্ত্রী এ ঘোষণা দেন। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।
বৈঠকে অতিরিক্ত শিল্পসচিব ফরহাদ উদ্দিন, নোয়াবের ভারপ্রাপ্ত সভাপতি ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রবীণ সদস্য মাহবুবুল আলম, ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, সমকাল-এর প্রকাশক এ কে আজাদ, নিউএজ-এর প্রকাশক শহীদুল্লাহ খান বাদল, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।
বৈঠকে সংবাদপত্রকে শিল্প ঘোষণার জন্য সরকারের প্রশংসা করেন সংবাদপত্রের মালিকেরা। তাঁরা আশা প্রকাশ করেন, এতে দেশের সংবাদপত্রশিল্প এইচএস কোডের আওতায় সরকারের দেওয়া বিভিন্ন সুবিধা পাবে।
নোয়াবের নেতারা দ্রুত গেজেট প্রকাশের মাধ্যমে সংবাদপত্রশিল্পের বিভিন্ন সুবিধা নিশ্চিত করার বিষয়ে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠায় সংবাদপত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এর ফলে দেশে ধারাবাহিকভাবে এ শিল্পের প্রসার ঘটছে। ব্যক্তি কিংবা দলের ঊর্ধ্বে থেকে জাতীয় স্বার্থ বিবেচনা করে সংবাদ পরিবেশন করতে সংবাদপত্রের মালিকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানায়, শিল্প ঘোষণা হলে সংবাদপত্রশিল্প খাত আপাতত কর সুবিধা পাবে না। কর অবকাশ সুবিধা নেওয়ার ক্ষেত্রে সরকার কিছু খাত নির্ধারণ করে দেয়। সংবাদপত্রশিল্পকে কর অবকাশ সুবিধা নিতে হলে সরকারের সেই নির্দিষ্ট খাতের অন্তর্ভুক্ত হতে হবে। অবশ্য এনবিআর চাইলে কোম্পানি হিসেবেও সংবাদপত্রশিল্পকে করপোরেট করহারে কিছুটা ছাড় দিতে পারে। যেমন মৎস্য খাতের কোম্পানিগুলো মাত্র ৩ শতাংশ হারে কর দেয়। এ ছাড়া ব্যাংক থেকে ঋণ নেওয়া ও ঋণ পুনঃ তফসিল করার ক্ষেত্রে কিছু সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।