সংবাদপত্রকে শিল্প ঘোষণা করা হচ্ছে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

আগামী সপ্তাহের শেষ দিকেই সরকার সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সেই সঙ্গে সাংবাদিকদের সহায়তায় ট্রাস্ট ফান্ড গঠনেরও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে অষ্টম ওয়েজ বোর্ডের বাস্তবায়ন নিয়ে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই পক্ষের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।

হাসানুল হক ইনু আরও বলেন, সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণার পাশাপাশি সংবাদকর্মীদের সহায়তায় ট্রাস্ট ফান্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে এ বিষয়ে একটি তহবিল আছে। এখন বিষয়টিকে আইন আকারে পাস করা হবে।

আগামী মন্ত্রিসভায় এটি উপস্থাপন করা হবে। তিনি জানান, এটি আইন আকারে পাস হলে সরকারি ও বেসরকারি উদ্যোগে বরাদ্দ নিয়ে বড় ধরনের তহবিল গঠন করা হবে। এর মাধ্যমে সাংবাদিকেরা উপকৃত হবেন।

হরতাল চলাকালে বিভিন্ন গণমাধ্যমের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর হামলা। প্রশাসন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।

বৈঠকে বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও আরেক অংশের সভাপতি রুহুল আমিন গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।