সংবাদপত্রশিল্পের নিউজপ্রিন্ট আমদানি শুল্ক কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্রশিল্পে ব্যবহূত নিউজপ্রিন্ট আমদানিতে শুল্ক কমানো হচ্ছে। আমদানি শুল্কহার ১০ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হচ্ছে। ইতিমধ্যে এ আদেশের খসড়ার ওপর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
শিগগিরই শুল্ক কমানো-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে এনবিআর। তবে গতকাল সোমবার থেকেই এ আদেশ কার্যকর হবে বলে এনবিআরের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
চলতি অর্থবছর থেকে সংবাদপত্রে ব্যবহূত নিউজপ্রিন্ট আমদানির ওপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে। তবে বাজেট ঘোষণার সময় আমদানি পর্যায়ে ২৫ শতাংশ আমদানি শুল্ক ও ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছিল। পরে তীব্র সমালোচনার মুখে আমদানি শুল্ক ১০ শতাংশে নামানো এবং সম্পূরক শুল্ক প্রত্যাহার করে নেওয়া হয়।
প্রায় পাঁচ মাস পর আমদানি শুল্ক আরও কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হলো। উল্লেখ্য, গত অর্থবছর পর্যন্ত সংবাদপত্রশিল্পে ব্যবহূত নিউজপ্রিন্টের ওপর ৩ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপ ছিল।
এ ছাড়া সংবাদপত্রশিল্পে ব্যবহূত প্রিন্টিং প্লেটের ওপর আমদানি শুল্ক ২ শতাংশ আরোপ করা আছে। আগে এই হার ৩ শতাংশ ছিল। তবে বাজেট ঘোষণার সময় এই হার ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছিল।