সংবাদপত্রসেবীদের ওয়েজ বোর্ড বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সাংবাদিক ও সংবাদপত্রের কর্মচারীদের জন্য অষ্টম ওয়েজ বোর্ডের প্রস্তাবিত নতুন বেতনকাঠামো কার্যকর করতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই কমিটি গঠন করা হয়। অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড সপ্তম মজুরি বোর্ড রোয়েদাদে বিদ্যমান মূল বেতনের ৭০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে। সাংবাদিক কর্মকর্তা-কর্মচারীরা ঢাকা শহরের ক্ষেত্রে বাড়িভাড়া মূল বেতনের ৭০ শতাংশ এবং অন্যান্য স্থানে ৬০ শতাংশ পাবেন। তাঁরা চিকিৎসা ভাতা পাবেন মাসে এক হাজার ৫০০ টাকা। এ ছাড়া মফস্বল সাংবাদিকেরা মাসিক রিটেইনার ভাতা সাড়ে তিন হাজার টাকা, যাতায়াত ভাতা দেড় হাজার টাকা, রিটেইনার ভাতার সমপরিমাণ দুটি উৎসব ভাতা এবং এক হাজার টাকা মাসিক চিকিৎসা ভাতা পাবেন। আগের মতোই মালিক কর্তৃপক্ষ সাংবাদিক-কর্মচারীদের আয়কর পরিশোধ করবেন বলে সুপারিশে বলা হয়েছে। বৈঠক শেষে অতিরিক্ত সচিব খন্দকার এম ইফতেখার হায়দার সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, অষ্টম ওয়েজ বোর্ডের সুপারিশমালা বাস্তবায়নের জন্য একটি মন্ত্রিসভা কমিটি করেছে। কমিটির প্রধান হচ্ছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। ব্রিফিংয়ে বলা হয়, কমিটি এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন পেশ করবে এবং এই রিপোর্ট সরকার অনুমোদন করার পর ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করা হবে। গেজেট প্রকাশের তারিখ থেকে অষ্টম ওয়েজ বোর্ড কার্যকর হবে। মন্ত্রিসভা পটুয়াখালীর কলাপাড়ায় একটি সমুদ্রবন্দর নির্মাণের লক্ষ্যে পায়রা সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইন, ২০১৩-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে। সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) অধীনে বন্দরটি নির্মাণের পরিকল্পনা করেছে। এই প্রস্তাবের অধীনে সমুদ্রবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই করা হবে। বৈঠক প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে অষ্টম মজুরি বোর্ডে ৭০ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে মন্ত্রিসভা কমিটি। ঈদের পরপরই এ কমিটির বৈঠক ডাকা হবে। আশা রাখি, ওই বৈঠকের পরই গেজেট প্রকাশ করা হবে।