সংবাদপত্রসেবীদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড গঠন
আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান কাজী এবাদুল হককে চেয়ারম্যান করে অষ্টম সংবাদপত্র ওয়েজ বোর্ড গঠন করা হয়েছে। ১৩ সদস্যের এই বোর্ড ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ পেশ করবে।তবে বোর্ড প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সময়ে সংবাদপত্র কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয় বিবেচনা করে সরকারের কাছে একটি সুনির্দিষ্ট সুপারিশ করতে পারে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪৩ ধারা অনুযায়ী তথ্য মন্ত্রণালয় গতকাল সোমবার এই বোর্ড গঠন করে।বোর্ডের সদস্যরা হলেন: দ্য ডেইলি স্টার-এর প্রকাশক ও সম্পাদক মাহ্ফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান, দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক এহসানুল করিম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতি যথাক্রমে ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার ও মহাসচিব মো. খাইরুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মো. আলমগীর হোসেন খান ও মহাসচিব মো. কামালউদ্দিন।তথ্য মন্ত্রণালয়ের উপসচিব জি এন নজমুল হোসেন খান এই বোর্ডের সচিবের দায়িত্ব পালন করবেন এবং তথ্য মন্ত্রণালয় বোর্ডকে সাচিবিক সহায়তা দেবে। বোর্ডের কার্যপরিধি: অষ্টম ওয়েজ বোর্ড সপ্তম মজুরি বোর্ড রোয়েদাদ পর্যালোচনা করে সংবাদপত্র ও সংবাদ সংস্থায় নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের জন্য বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে সুপারিশ করবে। সুপারিশ প্রণয়নকালে সংবাদপত্র মজুরি বোর্ড, সংবাদপত্রে বিদ্যমান আর্থিক অবস্থা ও সক্ষমতা, জীবনযাত্রার ব্যয়, সরকার এবং ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের সমতুল্য চাকরির মজুরির বিরাজমান হার ও অন্যান্য অবস্থা বিবেচনা করে দেখবে বোর্ড। তথ্য বিবরণী।