শিশুকে বাদ দিয়ে উন্নয়ন সফল হতে পারে না। তাই সংবাদপত্রে শিশুদের বিষয়কে গুরুত্ব দিতে হবে। শিশুরা যে গল্প, কবিতা ভালোবাসে, তা ছাপাতে হবে। তাদের জন্য বরাদ্দ পাতার ওপর নজর দিতে হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) আয়োজিত শিশু পাতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে আলোচকেরা এ কথা বলেন। পিআইবি ও সেভ দ্য চিলড্রেন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, শিশু প্রতিভাকে ছোট করে দেখলে চলবে না। শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। এ ক্ষেত্রে সংবাদপত্র বড় ভূমিকা রাখতে পারে।
বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘শিশু পাতা রঙিন করতে হবে এবং তাতে শিশুদের লেখা ছাপতে হবে। তাহলে পত্রিকায় শিশু পাঠকপ্রিয়তা বাড়বে।’
অনুষ্ঠানে ২৬টি আঞ্চলিক পত্রিকার মধ্য থেকে দুটি পত্রিকাকে পুরস্কৃত করা হয়। সিলেট থেকে প্রকাশিত দৈনিক সিলেটের ডাক ও রংপুর থেকে দৈনিক দাবানল এ বছর ‘পিআইবি-সেভ দ্য চিলড্রেন শিশু পাতা’ পুরস্কার পেয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা লিয়ানা জে জারটেস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান, দৈনিক যুগান্তর-এর প্রধান সহ-সম্পাদক রফিকুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর।