সংবাদপত্রে সেন্সরশিপ নেই, সেলফ সেন্সরশিপ রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এ কে এম শামীম চৌধুরী l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এ কে এম শামীম চৌধুরী l ছবি: প্রথম আলো

সরকারের প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী বলেন, আগে সংবাদপত্রে সেন্সরশিপ ছিল। এখন আর তা নেই। এখন সেলফ সেন্সরশিপ রয়েছে। দেশের স্বার্থে কোন খবরটি ছাপা উচিত আর কোনটি ছাপা উচিত হবে না, সেটা সাংবাদিকদের মাথায় রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে সাংবাদিকেরা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দেন।
গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস এ সভার আয়োজন করে।
সাংবাদিকদের একটি কাঠামোর মধ্যে আনার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রধান তথ্য কর্মকর্তা বলেন, ‘সব চাকরির ক্ষেত্রেই একটা পরীক্ষা থাকে। ঢোকার (চাকরিতে) জন্য একটা পরীক্ষা থাকে। হয় একটা ইন্টারভিউ (সাক্ষাৎকার), নইলে একটা লিখিত (পরীক্ষা), একটা কিছু থাকে। একটা সার্টিফিকেট (সনদ) দেখানো, একটা কিছু থাকে। কিন্তু এই প্রফেশনে (পেশায়) এটা এখনো হয়নি। ফলে কিছু অপলোক অপসাংবাদিকতা করে মাঝেমধ্যে। যেটা পুরোপুরি আপনাদের কমিউনিটির (সাংবাদিক সমাজ) মধ্যে পড়তে পারে। কারা সাংবাদিক হতে পারবেন, এ জন্য একটা স্ট্যান্ডার্ড (মানদণ্ড) ঠিক করা যেতে পারে। এটি পুরোপুরি শিক্ষাগত যোগ্যতার বিষয় নয়। এটি দশম শ্রেণি এমনকি পঞ্চম শ্রেণি পাসও হতে পারে। কিন্তু সংবাদ লেখা ও সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে বাংলাদেশ, বাংলাদেশের সংবিধান, এগুলোকে মাথায় রেখে কাজ করার জন্য একটা যোগ্যতা দরকার।’
সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার, প্রেসক্লাবের সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল, আঞ্চলিক তথ্য কর্মকর্তা আজিজুল হক প্রমুখ বক্তব্য দেন।
প্রধান তথ্য কর্মকর্তা বলেন, ‘আমি বিশ্বাস করি সাংবাদিকেরা ও সংবাদপত্র অবশ্যই দায়িত্বশীল। তারা নিজের মতো করে বানিয়ে কিছু লেখে না। সংবাদপত্র বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, এটা আশা করি।’ সরকার সাংবাদিকদের কল্যাণের জন্য আইন করে ট্রাস্ট গঠনের কথাও উল্লেখ করেন তিনি।
সাংবাদিক নেতারা তাঁদের বক্তব্যে বলেন, সাংবাদিক কে হবেন, এ নিয়ে একটি নীতিমালা কিংবা গাইডলাইন থাকা দরকার। তাহলে বিভিন্ন ক্ষেত্রে অপসাংবাদিকতা রোধ করা সম্ভব হবে। এ ব্যাপারে তথ্য অধিদপ্তর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি সাংবাদিক নেতারা নবম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানান।