সংবাদপত্রের নতুন বেতনকাঠামো জুনেই চূড়ান্ত হবে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি জুন মাসের মধ্যে সংবাদপত্রের কর্মীদের জন্য নতুন বেতনকাঠামো চূড়ান্ত করা হবে। গতকাল রোববার তথ্য মন্ত্রণালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতাদের সঙ্গে বৈঠককালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ তথ্য জানান। নিউজপ্রিন্টের ওপর শুল্ক রেয়াত প্রত্যাহারের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এটি এখনো একটি প্রস্তাব। এ বিষয়টি পুনর্বিবেচনার জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করবে তথ্য মন্ত্রণালয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘আজ-কালের মধ্যেই সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা হবে। এ ছাড়া বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে তথ্যসচিবের কথা হয়েছে। প্রথা অনুযায়ী জুনের মধ্যে আপনারা (সাংবাদিকেরা) নতুন মজুরি পাবেন।’ তথ্যমন্ত্রী আরও বলেন, যেসব প্রতিষ্ঠান সরকারি সুযোগ-সুবিধা নিয়েও মজুরি বোর্ডের সুপারিশ বা মহার্ঘ ভাতা বাস্তবায়ন করছে না, ওই সব প্রতিষ্ঠানের কাছে কৈফিয়ত তলব করা হবে। প্রয়োজনে তাদের সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়া হবে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে সাংবাদিক নেতারা মন্ত্রীর কাছে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন। মন্ত্রী তাঁদের এসব বিষয়ে ভেবে দেখার আশ্বাস দেন।