সংবাদপত্রের প্রচারসংখ্যা নির্ধারণে শক্ত নীতিমালা তৈরির সুপারিশ
সংবাদপত্র প্রকাশ এবং এর সঠিক প্রচারসংখ্যা নির্ধারণে অডিট ব্যুরো অব সার্কুলেশনের জন্য একটি শক্তিশালী নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।গতকাল বুধবার কমিটির সভায় এ সুপারিশ করা হয়।সভা শেষে কমিটির সভাপতি ওবায়দুল কাদের সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, পত্রিকা প্রকাশের ক্ষেত্রে একটি স্বচ্ছ নীতিমালা করতে বলা হয়েছে। অনেক সময় ব্যক্তিগত কিংবা দলীয় প্রভাব খাটিয়ে পত্রিকা প্রকাশ করা হয়ে থাকে, এটা দুঃখজনক।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সংসদীয় কমিটির সভাপতি ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এ সভায় সংবাদপত্রের প্রচারসংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর বর্তমান প্রচারসংখ্যার হিসাব সম্পর্কেও জানতে চায়।সভায় জানানো হয়, সারা দেশে ২৯০টি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত হয় ৯৬টি দৈনিক পত্রিকা। এসব পত্রিকার সব কটি যে মানসম্মত, তা বলা যায় না। এ জাতীয় অখ্যাত পত্রিকার কারণে সাংবাদিকতার মানও খারাপ হয়ে যাচ্ছে বলে কমিটিতে আলোচনা হয়।সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ছাড়াও সংসদীয় কমিটির সদস্য শাহিন মনোয়ারা হক, রেজা আলী, সুকুমার রঞ্জন ঘোষ, বি এম মোজাম্মেল হক, আনিছুল ইসলাম মণ্ডল ও মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।বিটিভির বিরুদ্ধে অভিযোগ: সভায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত অনুষ্ঠান নিয়েও আলোচনা হয়।পরে সংবাদ ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারনিয়ন্ত্রিত বিটিভিতে যেসব চলচ্চিত্র প্রচার করা হয়, তা নিয়ে অনিয়মের অভিযোগ এসেছে। কোন প্রযোজকের সিনেমা প্রচার করা হবে, সেটা নিয়ে একটা সিন্ডিকেট বাণিজ্য করে। গতকালের সংসদীয় কমিটির সভায় এ ব্যাপারে বিটিভিকে সতর্ক করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে বিটিভির মহাপরি-চালককে বলা হয়েছে।ওবায়দুল কাদের বলেন, ‘খবর প্রকাশের ক্ষেত্রেও দেখা যায় সরকারি দলের পক্ষে কাজ করতে গিয়ে বিটিভি অন্যদের অবজ্ঞা করে। বিটিভি এমন আচরণ করে যে তারা আমাদের চেয়েও বেশি আওয়ামী লীগার।’ তিনি বলেন, অনেক গঠনমূলক সমালোচনাও বিটিভিতে সঠিকভাবে প্রচার করা হয় না। এ ব্যাপারে বিটিভির কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।বেসরকারি টিভি চ্যানেলগুলোতে বিটিভির সংবাদ প্রচার সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিষয়টি আলোচনার ভিত্তিতে নিষ্পত্তি হতে হবে। কারণ, বিটিভির অনেক সংবাদের মান ভালো নয়। বর্তমান সময়ে সংবাদও একটি পণ্য হিসেবে বিবেচিত। সেখানে কেন একজন খারাপ মানের পণ্য বাজারে ছাড়বে।তথ্য অধিকার নিয়ে আলোচনা: সংসদীয় কমিটির সভায় তথ্য অধিকার আইন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, আইনে আছে নির্দিষ্ট কিছু বিষয় ছাড়া আর সব বিষয়ে তথ্য জানার অধিকার জনগণের আছে। কিন্তু কিছু মন্ত্রণালয় ও সরকারি কর্মকর্তা কোনো ধরনের তথ্য প্রকাশ করতে চান না। তথ্যমন্ত্রীকে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে কমিটি থেকে বলা হয়েছে।