ডেইলি স্টার–এর রজতজয়ন্তী অনুষ্ঠানে রাষ্ট্রপতি
সংবাদপত্রের বিরুদ্ধে আক্রমণ গণতন্ত্রের জন্য হুমকি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সংবাদপত্রের বিরুদ্ধে যেকোনো আক্রমণ গণতন্ত্রের জন্যও মারাত্মক হুমকিস্বরূপ। সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে এসব অপশক্তিকে মোকাবিলা করতে হবে। তিনি বলেন, সাদাকে সাদা আর কালোকে কালো বলার সৎ সাহসই পারে একজন সাংবাদিককে পেশাগত উৎকর্ষের শীর্ষে নিয়ে যেতে।

গতকাল শুক্রবার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২৪ জন বিশিষ্ট নাগরিক এবং একটি সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।
গতকাল বেলা ১১টায় রাষ্ট্রপতি অনুষ্ঠানস্থলে আসার পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এর আগেই অতিথিদের উপস্থিতিতে ভরে ওঠে ওসমানী মিলনায়তন। অতিথিদের মধ্যে ছিলেন বিদেশি সম্পাদক ও বিশিষ্ট ব্যক্তি, বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যম ব্যক্তি এবং মিডিয়া ওয়ার্ল্ডের পরিচালনা পরিষদের সদস্যরা।
সাংবাদিকদের উদ্দেশে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘আপনারা সরকারের, এমনকি আমার নিজেরও সমালোচনা করবেন। তবে মনে রাখতে হবে, তা যেন তথ্যভিত্তিক হয়। কোনোভাবেই যেন একপেশে না হয়। গঠনমূলক সমালোচনা সরকার পরিচালনা ও জাতি গঠনে সঠিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ তিনি বলেন, গণমাধ্যমের সুষ্ঠু বিকাশে অবাধ তথ্যপ্রবাহ ও মত প্রকাশের স্বাধীনতা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবিধানে এ ব্যাপারে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। বাইরের কেউ যাতে গণমাধ্যমের ব্যাপারে হস্তক্ষেপ করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।
ডেইলি স্টার-এর ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘এই দীর্ঘ ২৫ বছরের যাত্রায় বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার গুণে তারা একটি নির্ভরযোগ্য গণমাধ্যম হিসেবে দেশ ও দেশের বাইরের মানুষের মনে জায়গা করে নিয়েছে। মানুষের কাছে খবর পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের সামাজিক দায়বদ্ধতাও প্রশংসাযোগ্য।’ তিনি ডেইলি স্টার-এর বিষয়ভিত্তিক বিভিন্ন সংবাদ পরিবেশন, গুণীজনদের স্বীকৃতিসহ নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, সাংবাদিকতা যেহেতু একটি আন্তর্জাতিক পেশা, তাই এই পেশায় অবশ্যই আন্তর্জাতিক সংহতি থাকতে হবে। মনে রাখতে হবে, পৃথিবীর কোনো প্রান্তে যদি সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হয়, তা বাকি অংশের জন্যও ক্ষুণ্ন হয়। অনুষ্ঠানের শুরুতে মাহ্ফুজ আনাম বলেন, ১৯৯১ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সময় গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকার নিয়ে ডেইলি স্টার যাত্রা শুরু করেছিল। এ লক্ষ্যে ডেইলি স্টার অব্যাহতভাবে কাজ করে যাবে।
দ্য ডেইলি স্টার-এর পরিচালনা প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান বলেন, গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি ছাড়া অন্যটি অর্জিত হয় না। সংবাদপত্রের স্বাধীনতার প্রতি জোরালো সমর্থনের জন্য তিনি বোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখার জন্য পত্রিকার সাংবাদিকদের ধন্যবাদ দেন তিনি।
আমন্ত্রিত বিদেশি সম্পাদক ও সাংবাদিকদের পক্ষে বক্তৃতা করেন ভারতের প্রবীণ সাংবাদিক কুলদীপ নায়ার এবং ভারতের বিখ্যাত ইংরেজি দৈনিক দ্য হিন্দুর প্রকাশনা প্রতিষ্ঠান কস্তুরি গ্রুপ অব পাবলিকেশনের চেয়ারম্যান এন রাম এবং থাইল্যান্ডের নেশন মাল্টিমিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সুথিচাই ইয়ুন।
রজতজয়ন্তী উপলক্ষে ২৪ ব্যক্তি এবং একটি সংগঠনকে সম্মাননা দিয়েছে ডেইলি স্টার। এ প্রসঙ্গে মাহ্ফুজ আনাম বলেন, ‘আজ আমরা ২৪ জন বিরল ব্যক্তি ও একটি সংগঠনকে সম্মানিত করছি, যাঁরা আজীবন দেশকে ভালোবেসে নিজেদের পেশায় থেকে উৎসর্গ করেছেন।’ সম্মাননা পাওয়া সংগঠন ও ব্যক্তিরা হচ্ছেন মহিউদ্দিন আহমেদ (প্রকাশনা), মাহবুবুর রহমান (ব্যবসার প্রাতিষ্ঠানিক উন্নয়ন), অধ্যাপক রেহমান সোবহান (অর্থনীতি), ঝর্ণাধারা চৌধুরী (সমাজসেবা), অধ্যাপক আনিসুজ্জামান (সাহিত্য), অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী (শিক্ষা/গবেষণা), অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী (পুরকৌশল), হাসান আজিজুল হক (সাহিত্য), অধ্যাপক অরুণ কুমার বসাক (পদার্থবিদ্যা), মুর্তজা বশীর (চিত্রকলা), অ্যাঞ্জেলা গোমেজ (সমাজসেবা), ভ্যালেরি টেইলর (সমাজসেবা), অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ (শিক্ষা), অধ্যাপক রফিকুল ইসলাম (নজরুল গবেষণা), মুস্তাফা মনোয়ার (পারফর্মিং আর্টস), মতিউর রহমান (সাংবাদিকতা), বশির আহমেদ (ক্রীড়া), ফেরদৌসী মজুমদার (নাটক), দ্বিজেন শর্মা (উদ্ভিদবিদ্যা), সৈয়দ শামসুল হক (সাহিত্য), ফেরদৌসী রহমান (সংগীত), মোহাম্মদ আলী রেজা খান (বন্য প্রাণী সংরক্ষণ), তাহেরুন্নেছা আবদুল্লাহ (নারী উন্নয়ন), অধ্যাপক এ আর হারুন অর রশীদ (পদার্থবিদ্যা) ও মুক্তিযুদ্ধ জাদুঘর (স্বাধীনতাযুদ্ধের জাদুঘর)। গতকালের অনুষ্ঠানে হাসান আজিজুল হকের পক্ষে জাহানারা বেগম, মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে সারওয়ার আলী ও ফেরদৌসী রহমানের পক্ষে নাশিদ কামাল সম্মাননা গ্রহণ করেন। এ ছাড়া তাহেরুন্নেছা আবদুল্লাহ ও অধ্যাপক এ আর হারুন অর রশীদ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
সম্মাননা পাওয়া ব্যক্তিদের পক্ষে বক্তৃতা করতে গিয়ে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, পুরস্কারের আশায় কেউ কাজ করেন না। তবে নিজেদের কাজের ক্ষেত্রে যাঁরা বিশেষ অবদান রাখেন, তাঁদের অনুপ্রেরণার প্রয়োজন হয়।
অনুষ্ঠানে দ্য ডেইলি স্টার বুকস থেকে প্রকাশিত জেনোসাইড দে রোট গ্রন্থের মোড়ক উন্মোচন করেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি পরিবেশন করেন দেশের প্রথিতযশা শিল্পীরা।