সংবাদপত্রের বিষোদগার করে সরকার বিপদ ডেকে আনছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, সংবাদপত্রের বিষোদ্গার করে সরকার নিজের বিপদ নিজেই ডেকে আনছে। তিনি জাতীয় সংসদে সংবাদপত্র ও সাংবাদিকদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাংসদ ও মন্ত্রীদের বিষোদ্গারের তীব্র সমালোচনা করেন।গতকাল বুধবার গাজীপুর আদালতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের বলেন, সরকার সাংবাদিক নির্যাতন ও হত্যা করে, হুমকি দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনছে। মিডিয়ার যেকোনো সমস্যায় বিএনপি সাংবাদিকদের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন। হান্নান শাহ বলেন, সরকার একদলীয় বাকশাল কায়েমের উদ্দেশ্যে কাজ করায় দেশের মানুষ অধিকার হারাচ্ছে। আর দেশের মানুষের এ অধিকার রক্ষা করতে হলে অন্দোলনের বিকল্প নেই।হান্নান শাহ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টার নিয়োগ-সংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভবিষ্যতে মহাজোট সরকারের সব নিয়োগ খতিয়ে দেখা হবে। তিনি পাবনা, ভোলা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসক ও সিভিল সার্জন কার্যালয়ে সরকারদলীয় ক্যাডার বাহিনীর হামলার তীব্র নিন্দা জানান। এ সময় বিপুলসংখ্যক বিএনপির নেতা-কর্মী ও দলীয় আইনজীবী আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।মামলা থেকে অব্যাহতি: আ স ম হান্নান শাহ, ছেলে শাহ রেজাউল হান্নানসহ পাঁচজন গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা একটি মামলার অভিযোগের দায় থেকে গতকাল অব্যাহতি পেয়েছেন। গাজীপুরের একটি আমলি আদালতের বিচারক মামলার নথি ও যাবতীয় কাগজপত্র পর্যালোচনা করে এবং তিনটি ধার্য তারিখে বিবাদী ও রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে চার্জ গঠন করার মতো কোনো উপাদান খুঁজে না পাওয়ায় তাঁদের অব্যাহতি দেন। তত্ত্বাবধায়ক সরকারের সময় হান্নান শাহর বিরুদ্ধে সাতটি মামলা দায়ের করা হয়। চারটি মামলার কার্যক্রম সুপ্রিম কোর্ট থেকে স্থগিত করে দেওয়া হয়। দুটি মামলা গাজীপুরের আদালতে বিচারাধীন।