সংবাদপত্রশিল্পের কাগজ ও অন্যান্য আনুষঙ্গিক উপকরণ আমদানির শুল্ক এবং এ খাতে আরোপিত মূল্য সংযোজন করকে (মূসক) অনেক বেশি উল্লেখ করে তা কমানোর দাবি জানিয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বাংলাদেশ চেম্বারের সভাপতি এ কে আজাদ।
রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৩৫তম সভায় এ কে আজাদ এই দাবি জানান। এফবিসিসিআই এবং এনবিআর যৌথভাবে এ সভার আয়োজন করে।
দৈনিক সমকাল-এর প্রকাশক এ কে আজাদ বলেন, ‘একটা সংবাদপত্র ছাপাতে খরচ হয় ১৫ থেকে ১৬ টাকা। সেটা আমরা ১০ টাকায় বিক্রি করি। সংবাদপত্রের জন্য কাগজ ও অন্যান্য দ্রব্যাদি আমদানির ওপর ৩ শতাংশ শুল্ক আরোপ করা আছে। আবার মূসক দিতে হয় ১৫ শতাংশ। এত বেশি হারে শুল্ককর দিয়ে দু-তিনটা পত্রিকা ছাড়া অন্য সব পত্রিকা লোকসানি প্রতিষ্ঠান। তাদের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। এটাকে কমিয়ে দিন।’
এ কে আজাদ আরও বলেন, টেলিভিশনের বিজ্ঞাপনের ওপর মূসক আরোপ করা আছে। বিজ্ঞাপন পাওয়ার সঙ্গে সঙ্গেই মূসকের টাকা দিয়ে দিতে হয়। অনেক সময় এই বিল অনেক দিন ধরে আটকে থাকে। তাই বিজ্ঞাপনের বিল পাওয়ার পর এই মূসক কাটার প্রস্তাব করেন তিনি।