ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতারা দেশ ও জাতীর স্বার্থে সংবাদপত্র ও সাংবাদিকের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিক নেতারা গণমাধ্যমের স্বাধীনতার জন্য আট দফা দাবিনামাও উত্থাপন করেন।গতকাল জাতীয় প্রেসক্লাবে ২১ জুন সাংবাদিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ‘সাংবাদিক নির্যাতন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এই আট দফা উত্থাপন করা হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ্ আলমগীরের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রহমান মুস্তাফিজ এবং নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন সাংবাদিক সেলিম সামাদ ও সাইফুল ইসলাম তালুকদার।আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক নেতারা আমার দেশ বন্ধের কড়া সমালোচনা করলেও এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সাংবাদিক কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন। বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া বলেন, ‘মাহমুদুর রহমান টাকার জোরে এবং রাজনৈতিক কারণে সাংবাদিকের লেবাস গায়ে পড়েছেন। আমরা তাঁকে সাংবাদিক মনে করি না। তবে আমার দেশ ও চ্যানেল ওয়ান বন্ধের বিরোধিতা করি।’