সংবাদপাঠক সেরাজুল মজিদ মামুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

রেডিও ও টেলিভিশনের খ্যাতনামা সংবাদপাঠক সেরাজুল মজিদ মামুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২ মে। ২০১৬ সালের এই দিনে শ্বাসযন্ত্রের জটিলতায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের একটি হাসপাতালে তিনি মারা যান।
সেরাজুল মজিদ মামুন পেশায় প্রকৌশলী ছিলেন। মৃত্যুর পর তাঁকে হিউস্টনে সমাহিত করা হয়। তাঁর স্ত্রী ও দুই সন্তান হিউস্টনে বাস করছেন।
সেরাজুল মজিদ মামুন ১৯৫৮ সালে ছাত্রাবস্থায় রেডিও পাকিস্তানে ঘোষক হিসেবে যুক্ত হন। এরপর রেডিওতে তিনি বিভিন্ন অনুষ্ঠান করেছেন। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় টেলিভিশন সম্প্রচার শুরু হওয়ার পর তিনি ১৯৬৫ সালের মার্চে ফতেহ লোহানী ও আহসান আলী সিডনীর সঙ্গে টেলিভিশনে একটি নাটক করেন। ওই বছর তিনি অন্য একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক ফোরামের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠান শেষে ওই সময়ের প্রকল্প পরিচালক কলিম শরাফী তাঁকে পরদিন থেকেই খবর পড়তে বলেন। তবে সেরাজুল মজিদ মামুন এতে আগ্রহ না দেখালে কলিম শরাফী তাঁকে আশ্বস্ত করেন এই বলে যে পরে তাঁকে ছেড়ে দেওয়া হবে। ওই সময় পাকিস্তান-ভারত যুদ্ধ চলছিল। ঢাকায় টেলিভিশনের প্রথম খবর পড়েন হুমায়ুন চৌধুরী। এরপর ইকবাল বাহার চৌধুরী একাই খবর পড়তেন। ১৯৬৫ সালের ১৬ সেপ্টেম্বর তাঁর সঙ্গে খবরপাঠে যুক্ত হন সেরাজুল মজিদ মামুন। পরবর্তী সময়ে তিনি রেডিও ও টেলিভিশনের জনপ্রিয় সংবাদপাঠক হয়ে ওঠেন।
সেরাজুল মজিদ মামুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের লোকজন তাঁর আত্মার মাগফিরাত কামনার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন।