প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার ফোনালাপের অডিও প্রকাশের ঘটনায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিচারের দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শনিবার দুপুরে রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ ‘আক্রান্ত গণমাধ্যম: সংকটের আবর্তে দেশ’ শীর্ষক ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, শুধু গণমাধ্যম নয়, বাংলাদেশের অস্তিত্বই বিপন্ন। বর্তমান সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও কাজ করছে গণতন্ত্রবিরোধী।
গোলটেবিল বৈঠকের বিষয়বস্তু গণমাধ্যম হলেও শেষ পর্যন্ত আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়ায় ফরহাদ মজহারকে নিয়ে সাম্প্রতিক বিতর্ক। এ সময় ফরহাদ মজহার কিছু গণমাধ্যমের বিরুদ্ধে তাঁকে জড়িয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং উদ্দেশ্যমূলক সংবাদ প্রচারের অভিযোগ আবারও তুলে ধরেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘ফরহাদ মজহার, আপনি একা নন। শুধু বিএনপি নয়, এ দেশের কোটি কোটি গণতান্ত্রিক মানুষ আপনার পাশে আছে।’
বক্তারা বর্তমান সরকারের আমলে সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার এবং মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেন। সাম্প্রতিক সময়ে যেসব সংবাদমাধ্যমে হামলা হয়েছে, সেগুলো তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি বন্ধ গণমাধ্যম চালু করারও দাবি জানান তাঁরা।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, দেশ আজ ক্রান্তিলগ্নে। দুই নেত্রী নিজস্ব ফর্মুলা নিয়ে অটল রয়েছেন বলে সংকট সমাধানের কোনো পথ দেখা যাচ্ছে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, বিরোধী মত সহ্য করার মতো ক্ষমতা কখনোই আওয়ামী লীগের ছিল না, এখনো নেই।
তথ্যমন্ত্রীর সমালোচনা করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর ফোনালাপ প্রকাশ করে তথ্যমন্ত্রী তথ্য আইনে অপরাধ করেছেন। তাঁর বিচার হওয়া উচিত।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম বলেন, স্কাইপ সংলাপ প্রকাশ করে মাহমুদুর রহমান যদি জেলে যেতে পারেন, ফোনালাপ প্রকাশ করে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রী কীভাবে বাইরে থাকেন?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, কিছু গণমাধ্যম-মালিক নির্লজ্জের মতো পক্ষপাতিত্ব করছেন। তাঁদের কারণেই সাংবাদিক সমাজ আজ বিভক্ত।
ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়া, বিচারপতি আবদুর রউফ, কবি আল মাহমুদ, আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আবদুর রাজ্জাক, সাংবাদিক শফিক রেহমান, আবুল আসাদ ও মাহফুজ উল্লাহ, বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, সাংসদ সৈয়দা আসিফা আশরাফি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, আইনজীবী তুহিন মালিক প্রমুখ।