সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর বরাত দিয়ে হেফাজতে ইসলামের সমাবেশে যৌথ বাহিনীর অভিযান-সম্পর্কিত যে খবর আজ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সংস্থাটি প্রত্যাখ্যান করেছে। আজ সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি তাদের অবস্থান ব্যাখ্যা করেছে।
অধিকারের পরিচালক এ এস এম নাসিরউদ্দিন এলান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ ৩০ আগস্ট কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত ৫ ও ৬ মে ২০১৩ হেফাজতে ইসলামের সমাবেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় অধিকারের প্রাথমিক তথ্যানুসন্ধানে ৬১ জন নিহতের তালিকা সম্পর্কে যে প্রতিবেদন ছাপা হয়েছে, তা অধিকারের দৃষ্টিগোচর হয়েছে। অধিকার পরস্পরবিরোধী, অসত্য ও বিভ্রান্তিকর এই প্রতিবেদন প্রত্যাখ্যান করছে।’
সংস্থাটি বলছে, প্রাথমিক তথ্য অনুসন্ধানের ওপর ভিত্তি করে অধিকারের তৈরি নিহত ব্যক্তিদের তালিকার বাইরে অনেক নামই পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি অধিকারের প্রতিবেদনের বরাত দিয়ে যে তিনজন জীবিত আছে বলে দাবি করা হয়েছে, তাদের নাম অধিকারের তালিকায় নেই।
অধিকার বলছে, তারা জাতিসংঘ এবং চারটি জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে নিহত লোকজনের প্রাথমিক তালিকা সরবরাহ করেছে। এসব সংগঠনকে সুষ্ঠু ও সংবেদনশীল তদন্তের মাধ্যমে বিভ্রান্তি দূর করার অনুরোধ জানিয়েছে তারা। পাশাপাশি মানবাধিকার সংস্থাটি সরকারের কাছে একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করার এবং অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের মুক্তি দাবি করেছে।