সংবাদমাধ্যমের সমালোচনা করলেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সমালোচনা করলেন সংবাদমাধ্যমের। দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে লেখার আগে সাংবাদিকদের অন্তত দশবার ভাবার পরামর্শ দেন তিনি।
বিশ্ব হেড-নেক ক্যানসার দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী।
সিম্পোজিয়ামে দেশের হেড-নেক সার্জনেরা ক্যানসারের অপচিকিৎসা দূর করতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে অপচিকিৎসা চালানো হচ্ছে বলে চিকিৎসকেরা অভিযোগ করেন।
এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি টিভি চ্যানেলগুলোর সঙ্গে কথা বলেছি। তারা বলে ব্যবসা ভালো না। তাই দেখাতে হয়। আমি বলেছি ব্যবসা ভালো না হলে বন্ধ করে দেন। আসলে এই ব্যবসা তো ‘ফ্রন্ট’ এর ব্যবসা। আসল ব্যবসা হলো ভয় দেখানো।’
কিডনি নিয়ে পত্রিকায় প্রকাশিত খবরের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘আগে কত সুন্দর কিডনি ট্রান্সপ্লান্ট হতো দেশে। একটি পত্রিকা এ নিয়ে রিপোর্ট করল। কিডনি প্রতিস্থাপন বন্ধ হয়ে গেল। সব রোগী এখন ভারতে চলে যাচ্ছে। আমি মনে করি অপচিকিৎসার মতো এটিও অপসাংবাদিকতা।’
হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যম সব সময় চিকিৎসকদের, চিকিৎসাব্যবস্থাকে ‘গালাগালি’ করে। তিনি বলেন, ‘প্রতিদিন ৩০ লাখ মানুষ বিভিন্ন হাসপাতালে সেবা পান, সাত হাজারের ওপর অস্ত্রোপচার হয়। কয়জন রোগী মারা যাচ্ছে? আপনারা ক্যামেরা নিয়ে হাসপাতালের সামনে বসে থাকুন। দেখবেন কত ভালো আমাদের চিকিৎসকেরা। আসুন আমরা সবাই এই চিকিৎসকদের হাততালি দিই।’
বক্তৃতার শেষভাগে হাসানুল হক ইনু বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস হলো সমাজে ক্যানসারের মতো। এসব প্রতিরোধে হয় কেমো দিতে হবে, নয়তো কেটে ফেলতে হবে। যারা মাঝামাঝি অবস্থানে থাকতে চান, বা এদের সঙ্গে আপসের ফর্মুলা দেন, তাদের বলব আপনারা হেড-নেক সার্জনদের কাছে যান।’