সংবাদে নাম না দেওয়ায় মারধর!
সংবাদে নাম না দেওয়ায় দৈনিক সংবাদ-এর বাগেরহাট প্রতিনিধি ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহর ব্যুরো প্রধান মো. আজাদুল হককে জেলা যুবলীগের এক নেতা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।আজাদুল হক জানান, বাগেরহাটে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ঘটনা নিয়ে একটি প্রতিবেদন গত শনিবার দৈনিক প্রবাহ পত্রিকায় প্রকাশিত হয়। আজাদুল হক অভিযোগ করেন, মিছিলে অংশগ্রহণকারী হিসেবে প্রতিবেদনে নাম না দেওয়ায় সদ্য বিলুপ্ত বাগেরহাট জেলা যুবলীগের নির্বাহী কমিটির সদস্য এবং মেয়র খান হাবিবুর রহমানের শ্যালক শেখ ইদ্রিস আলী ক্ষুব্ধ হন। গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে আজাদুল হক পত্রিকার অপেক্ষায় শহরের রেল রোডে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ইদ্রিস ও তাঁর দুই সহযোগী একটি মোটরসাইকেলে করে এসে তাঁকে পার্শ্ববর্তী জেলা শ্রমিক লীগের কার্যালয়ে নিয়ে যান। এরপর সংবাদে নাম না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে ইদ্রিস ও তাঁর চারজন সহযোগী তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি মারেন। একপর্যায়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার নাছির উদ্দিন ওই কার্যালয়ে ঢুকে আজাদুল হককে উদ্ধার করেন।ঘটনার পর বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বেলা ১১টার দিকে বাগেরহাট প্রেসক্লাবে এসে ইদ্রিস আলীর শাস্তির আশ্বাস দেন। দুপুর ১২টার দিকে শেখ ইদ্রিস আলী প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘পাওনা টাকা চাওয়া নিয়ে ওই সাংবাদিকের সঙ্গে আমার একটু ঝামেলা হয়েছিল, তা মিটে গেছে। আর কোনো লেনদেন নেই। সবাই আমাকে মাফ চাইতে বলছে। তাই আমি মাফ চাইতে এসেছি।’ আর্থিক লেনদেনের কথা অস্বীকার করে প্রেসক্লাবে উপস্থিত আজাদুল হক বলেন, ইদ্রিস আলীর সঙ্গে তাঁর কখনো সরাসরি কথাই হয়নি।