বাংলাদেশে আগের দশকের তুলনায় সংবাদে নারীর উপস্থিতি কমে গেছে। এই দেশে রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রের সংবাদে নারী উল্লেখিত হন এক-পঞ্চমাংশেরও কম।
গতকাল রোববার বিশ্ব গণমাধ্যম পরিবীক্ষণ প্রকল্প-২০১৫ জাতীয় প্রতিবেদন বাংলাদেশ অংশের প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠানের আয়োজন করে জেন্ডার ইন মিডিয়া ফোরাম।
অনুষ্ঠানে প্রতিবেদনের নানা দিক তুলে ধরেন প্রকল্পের বাংলাদেশ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন। তিনি বলেন, পঞ্চমবার বিশ্ব গণমাধ্যম পরিবীক্ষণের জন্য বেছে নেওয়া হয় গত বছরের ২৫ মার্চ। ওই দিন বিভিন্ন টেলিভিশনের ১৩৪টি, জাতীয় সংবাদপত্রের ৯৬টি, স্থানীয় সংবাদপত্রের ৫০টি, বেতারের ৩৯টি এবং অনলাইন সংবাদমাধ্যমের ২৭টি সংবাদ বিশ্লেষণ করা হয়। এ সংবাদগুলো নেওয়া হয়েছে মোট ২৫টি সংবাদমাধ্যম থেকে।
গবেষণায় দেখা যায়, দেশে রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রের সংবাদে নারী উল্লেখিত হন এক-পঞ্চমাংশেরও কম সময়। এমনকি আগের দশকের তুলনায় সংবাদে নারীর উপস্থিতি কমে গেছে। প্রতিবেদকের নামসহ প্রতিবেদনের হিসাব অনুযায়ী নারী প্রতিবেদকের সংখ্যা গত পাঁচ বছরে মাত্র ৮ শতাংশে স্থির হয়ে আছে। রেডিওতে প্রতিবেদক হিসেবে নারীর সংখ্যা পুরুষের সমহার থেকে কমে হয়েছে এক-তৃতীয়াংশ। অন্যদিকে উপস্থাপক হিসেবে নারী আবির্ভূত হয়েছে ২০১০ সালের দ্বিগুণ সংখ্যায়। টেলিভিশন সংবাদে অংশগ্রহণের চিত্রটি আরও উদ্বেগের।
প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালের তুলনায় নারী প্রতিবেদকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে মাত্র ১ শতাংশ, তারপরও তা মোট এক-পঞ্চমাংশের কোঠা ছোঁয়নি। এদিকে সংবাদ উপস্থাপক হিসেবে নারীর অংশগ্রহণ ২০১০ সালে কমে এলেও ২০১৫ সালে আবার বৃদ্ধি পেয়েছে। সংবাদ উপস্থাপকদের দুই-তৃতীয়াংশ নারী। সংবাদে অন্তর্ভুক্ত নারীদের পেশা চিহ্নিত করার ক্ষেত্রে দুর্বলতা লক্ষ করা গেছে। খবরে উল্লেখিত নারীদের মধ্যে কোনো চিকিৎসক, কৃষিজীবী, ব্যবসায়ী, ক্রীড়াবিদ, এমনকি তারকা ও মিডিয়া-সংশ্লিষ্ট পেশার কাউকে দেখা যায়নি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, জেন্ডার ইন মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার, ফারহানা হাফিজ, ফওজিয়া খন্দকার প্রমুখ।