বেসরকারি সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশের গণমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে নারী ও গ্রাম এখনো উপেক্ষিত। বর্তমানে গণমাধ্যম মুষ্টিমেয় ক্ষমতাশালী অংশেরই প্রতিনিিধত্ব করছে। গণমাধ্যমকে সত্যিকার অর্থে জনগণের মাধ্যম হিসেবে গড়ে তুলতে পারলেই এই বৈষম্য দূর হবে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে এ সভার আয়োজন করা হয়। সভায় ‘সংবাদে নারী ও গ্রাম: যথাযথ উপস্থাপনা নিশ্চিতকরণ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন।
এ বিষয়ে গণমাধ্যম পরিবীক্ষণের ফলাফল উপস্থাপন করে গীতি আরা নাসরিন বলেন, পাঁচটি জাতীয় ও পাঁচটি আঞ্চলিক সংবাদপত্র, সরকারি-বেসরকারি পাঁচটি টেলিভিশন চ্যানেল এবং একটি বেতারকেন্দ্রের সংবাদ বাছাই করা হয়। বাংলাদেশের মোট আয়তনের মাত্র আট শতাংশ নগর। কিন্তু পরিবীক্ষণে দেখা যায়, বিপরীতভাবে সংবাদপত্রে ৮ দশমিক ৮৩ শতাংশ, টেলিভিশনের ৮ দশমিক ৬৪ শতাংশ এবং রেডিওর মাত্র ১ দশমিক ৯২ শতাংশ সংবাদ গ্রাম বিষয়ে। তিনি আরও বলেন, গণমাধ্যমে কর্মরত নারীদের মধ্যে মাত্র ৩ দশমিক ৩৩ শতাংশ নারী প্রতিবেদক। বাকিরা শুধুই সংবাদপাঠক। নারীর প্রতি এ অবহেলা একটি বৈষম্যমূলক সমাজের কাঠামোগত সমস্যা। গণমাধ্যম মুষ্টিমেয় ক্ষমতাশালী অংশেরই প্রতিনিিধত্ব করছে। গণমাধ্যমকে সত্যিকার অর্থেই জনগণের মাধ্যম হিসেবে করে তুলতে সমন্বিত চেষ্টা প্রয়োজন।
কবি কামরুল হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিএনপিএসের পক্ষে স্বাগত বক্তব্য দেন শরীফ চৌহান। সভায় প্যানেল আলোচক ছিলেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম, অধ্যাপক রিতা দত্ত, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাদাফ নূর এ ইসলাম ও অধ্যাপক শাহাবুদ্দিন।