সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় গত ৩০ জুলাই ‘ভবন হয়েছে, হাসপাতাল চালু হয়নি’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন সাভারের আমিনবাজার উপস্বাস্থ্যকেন্দ্রের দুই চিকিৎসক।

চিকিৎসক ইশতিয়াক আহমদ ও ফারজানা সিদ্দিকা স্বাক্ষরিত ওই প্রতিবাদপত্রে বলা হয়েছে, ১৬ জুলাই সাড়ে ১২টার দিকে কেন্দ্রে একজন ফার্মাসিস্ট ও একজন এমএলএসএস ছাড়া আর কাউকে না পাওয়ার অভিযোগ সত্য নয়। ওই দিন সবাই কর্মস্থলে উপস্থিত ছিলেন। আসলে প্রতিবেদক তথ্য সংগ্রহের জন্য ১৫ জুলাই ওই স্বাস্থ্যকেন্দ্রে যান। ওই দিন স্ত্রীর অসুস্থতার কারণে আগেই নৈমিত্তিক ছুটিতে ছিলেন ইশতিয়াক। আর সন্তান অসুস্থ হয়ে পড়ায় ফারজানা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৌখিক অনুমতি নিয়ে দুপুর সোয়া একটায় কর্মস্থল ত্যাগ করেন। উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সালমা আক্তার জরুরি প্রয়োজনে বাসায় গিয়েছিলেন।

প্রতিবেদকের বক্তব্য: তথ্য সংগ্রহের জন্য ১৫ জুলাই আমিনবাজার ২০ শয্যার হাসপাতালে যাওয়া হয়। কিন্তু ভুলবশত প্রতিবেদনে ১৬ জুলাই উল্লেখ করা হয়। ওই দিন দুপুরে উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে একজন ফার্মাসিস্ট ও একজন এমএলএসএস ছাড়া কাউকে না পেয়ে বিষয়টি মুঠোফোনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশারফ হোসেন দেওয়ানকে জানানো হয়। তিনি খোঁজ নিয়ে এর সত্যতা পান। এবং স্বীকার করেন, ১৫ জুলাই ইশতিয়াক আগাম ও ফারজানা মৌখিক ছুটি নেননি। ইশতিয়াক পরে ছুটি অনুমোদন করান।