‘সড়ক নিরাপত্তা ঝুঁকির মুখে’ শিরোনামে গত মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে পৃথক ব্যাখ্যা ও প্রতিবাদ পাঠিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং মালিক-শ্রমিকদের দুটি সংগঠন।
সড়ক পরিবহন মন্ত্রণালয়: দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও স্বস্তিদায়ক ঈদযাত্রার সাফল্য ম্লান করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। প্রকাশিত প্রতিবেদন এরই অংশ। কোনো সংস্থা বা মালিক-শ্রমিকদের চাপে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় না। বিদ্যমান আইন ও অধ্যাদেশ অনুসারে বাস্তবতার নিরিখে নিজস্ব প্রক্রিয়া ও পদ্ধতি অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হয়। সড়ক নিরাপত্তাসংক্রান্ত বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় না, এটা সঠিক নয়। বাস্তবায়ন করা হয় বলেই পুলিশের প্রতিবেদন অনুসারে সড়ক দুর্ঘটনা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে।
প্রথম আলো: এবার ঈদের আগের তিন দিন ও পরের আট দিন মিলে ১১ দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রায় ২৫০ জনের প্রাণহানি হয়েছে। এরই প্রেক্ষাপটে সড়ক নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা ও প্রাণহানি কমিয়ে আনতে সব কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
আর মালিক-শ্রমিক সংগঠনের চাপে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যথাযথ পরীক্ষা ছাড়া ১ লাখ ৯০ হাজার পেশাদার চালককে লাইসেন্স দেওয়ার বিষয়টি একটা বড় উদাহরণ। মোটরযান আইন হালনাগাদ, ফিটনেসবিহীন যান এবং মহাসড়কে অটোরিকশা, নছিমন-করিমন, ভটভটি চলা বন্ধ করাসহ অনেক সিদ্ধান্ত আছে, যা বাস্তবায়ন করা হয়নি।
পুলিশের হিসাবে দুর্ঘটনা হ্রাস পাওয়ার দাবি করা হলেও কোনো পরিসংখ্যান উল্লেখ করেনি মন্ত্রণালয়। তবে হাইওয়ে পুলিশের হিসাবে দেখা যায়, চলতি বছরের শুরু থেকে ২৫ জুলাই পর্যন্ত মহাসড়কে ৮৩৫টি দুর্ঘটনায় ৮৮৩ জন নিহত এবং ১ হাজার ৫৪৭ জন আহত হয়েছে। অর্থাৎ, গড়ে প্রতি মাসে ১২৬ জনের বেশি প্রাণ হারাচ্ছে।
নৌপরিবহন মন্ত্রণালয়: এ মন্ত্রণালয়ের বিষয়ে প্রতিবেদনে কিছু লেখা না হলেও মন্ত্রী শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে তাঁর মন্ত্রণালয়ের মাধ্যমে একটা ব্যাখ্যা পাঠান। তাতে বলা হয়, শ্রমিক ফেডারেশন কোনো অন্যায় দাবি করে না। শুধু পেশাদার চালকের লিখিত পরীক্ষা সহজ করার দাবি করে আসছে। মাঠ পরীক্ষায় ছাড় দেওয়ার দাবি করছে না।
২০১১ সালে চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর পর সুশীল সমাজের কতিপয় ব্যক্তি একতরফাভাবে চালকদের দায়ী করে সমাবেশ, মানববন্ধন ও মন্ত্রীর পদত্যাগের দাবি করেছিলেন। পরিবহন মালিক-শ্রমিকেরা কেবল সে সময় তাঁদের বক্তব্য তুলে ধরার জন্য ঢাকায় সমাবেশ করেছিলেন।
প্রথম আলো: লাইসেন্স দেওয়ার বিষয়ে ফেডারেশনের চাপ নেই বলে যে দাবি করা হয়েছে, তা সত্য নয়। ১৯৯০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পেশাদার চালকদের লাইসেন্স দেওয়া হয়েছে ফেডারেশনের তালিকা ধরে। আর ঢাকায় ওই সমাবেশের মূল উদ্দেশ্য ছিল তারেক মাসুদ ও মিশুক মুনীরকে চাপা দেওয়া বাসের চালকের মুক্তি এবং সংগঠনের শক্তি প্রদর্শন করা। সড়ক দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে যেসব সম্মানিত ব্যক্তি সোচ্চার ছিলেন, তাঁদের অনেকের ছবিতে জুতাপেটা করা হয় ওই সমাবেশে।
বিআরটিএ: বিআরটিএর প্রতিবাদে বলা হয়, পেশাদার চালকের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে পরীক্ষা নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের মাধ্যমে পরীক্ষা নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। জেলায় ড্রাইভিং বোর্ড মাসে একবার, কখনো দু-তিন মাসে একবার বসে। ফলে লাইসেন্স মেয়াদোত্তীর্ণের পর চালকদের জরিমানা ও সড়কে ঝামেলার মুখে পড়তে হয়। এ জন্য কম্পিটেন্সি বোর্ডের বদলে মোটরযান পরিদর্শকের মাধ্যমে নবায়নের কার্যক্রম চালু হয়। পেশাদার চালকের লাইসেন্স নবায়নের যে সংখ্যা উল্লেখ করা হয়েছে, তা সঠিক নয়।
যথাযথ পরীক্ষা ছাড়া অতীতে লাইসেন্স দেওয়ার বিষয়ে বিআরটিএর দাবি, পুলিশ ও ডাক বিভাগের সমন্বয়হীনতার কারণে বহু লাইসেন্স ভলিউমে (মূল নথি) অন্তর্ভুক্ত করা হয়নি। সে সময় পরিবহন খাতে পেশাদার লাইসেন্সধারী চালকের অভাব ছিল বলে শ্রমিক ফেডারেশনের সঙ্গে চুক্তি অনুসারে ভলিউমে না থাকা পেশাদার চালকের লাইসেন্স ভলিউমভুক্ত করা হয়েছে। এটাকে লাইসেন্স প্রদান হিসেবে গণ্য করার অবকাশ নেই। বর্তমানে এই প্রক্রিয়ায় লাইসেন্স নবায়ন করা হচ্ছে না।
আর, বাস-ট্রাক বিআরটিএ কার্যালয়ে না নিয়ে ফিটনেস সনদ দেওয়ার অভিযোগ সঠিক নয়।
প্রথম আলো: বিআরটিএ লাইসেন্স নবায়নের বিষয়ে ভুল ব্যাখ্যা দিয়েছে। আইনে ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড ছাড়া লাইসেন্স-সংক্রান্ত কোনো পরীক্ষা নেওয়ার এখতিয়ার অন্য কাউকে দেওয়া হয়নি। মোটরযান পরিদর্শককে দিয়ে লাইসেন্স নবায়নের সিদ্ধান্ত কোনোভাবেই আইনসিদ্ধ নয়। আর জেলায় ড্রাইভিং কম্পিটেন্সি বোর্ড এক মাস বা দুই-তিন মাস ধরে না বসার ব্যর্থতা বিআরটিএর। কারণ বোর্ডের বৈঠক ডাকা ও বাস্তবায়ন করার দায়িত্ব বিআরটিএর।
গত ছয় মাসে লাইসেন্স নবায়নের যে সংখ্যা প্রতিবেদনে প্রকাশ করা হয়, তা সঠিক নয় বলে দাবি করলেও প্রকৃত সংখ্যাটি কত তা বলেনি বিআরটিএ।
বিআরটিএ যদি নিশ্চিত হয়ে থাকে যে পুলিশ ও ডাক বিভাগের সমন্বয়হীনতার কারণে বহু লাইসেন্স ভলিউমভুক্ত হয়নি, তাহলে তা তারা যাচাই-বাছাই করে ভলিউমভুক্ত করতেই পারে। এর মধ্যে পরিবহন শ্রমিক ফেডারেশনের তালিকা ধরে লাইসেন্স দেওয়ার যুক্তি কী, তা ব্যাখ্যা করা হয়নি। আর নতুন করে ভলিউমভুক্ত করার কাজ বন্ধ বিআরটিএ স্বেচ্ছায় করেনি, হাইকোর্টের নির্দেশে বন্ধ করেছে। আর বাস-ট্রাক বিআরটিএতে এনে যদি ফিটনেস পরীক্ষা করে থাকে, তাহলে সড়ক-মহাসড়কে ছাল-বাকল উঠে যাওয়া রংচটা যানবাহন থাকার কথা নয়।
মালিক ও শ্রমিক সংগঠন: নৌমন্ত্রীর নেতৃত্বাধীন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পৃথক প্রতিবাদপত্রে বলেছে, জালিয়াত চক্রের প্রতারণার শিকার হয়ে পেশাদার চালকেরা লাইসেন্স সংগ্রহের সময় প্রতারিত হন। এ জন্যই ভলিউমভুক্তহীন পেশাদার লাইসেন্স মূল ভলিউমে অন্তর্ভুক্ত করা হয়। মালিক-শ্রমিক সংগঠনগুলো জনগণকে জিম্মি করে ধর্মঘট ডাকে, এমন অভিযোগ ভিত্তিহীন। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দীর্ঘদিন ধরে একটি ছায়া মন্ত্রণালয়ের মতো কাজ করে আসছে।
জনগণকে জিম্মি করে ধর্মঘট ডাকাসংক্রান্ত সড়ক পরিবহন বিভাগের সচিবের মন্তব্যের প্রতিবাদ করেছে মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতিও। তবে সংগঠনটি বলেছে, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলে তাদের কোনো আপত্তি নেই।
প্রথম আলো: গত মে মাসে ফরিদপুরে বাস ডাকাতির অভিযোগে পরিবহনচালক ও সহকারীকে আটকের পরদিনই কোনো ঘোষণা ছাড়াই দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে ধর্মঘট ডেকে বসে মালিক-শ্রমিক সংগঠনগুলো। এভাবে হুটহাট ধর্মঘট বছরজুড়েই চলতে থাকে।