সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৬ জুলাই প্রথম আলোয় প্রকাশিত ‘৪১ বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে যাচ্ছে না’ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।
পৃথক প্রতিবাদপত্রে দ্য পিপলস ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছে, আপ্রাণ চেষ্টার ফলে গত মে মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অবৈধভাবে অননুমোদিত ক্যাম্পাস পরিচালনাকারী বিশ্ববিদ্যালয়ের অপবাদ থেকে তাদের দায়মুক্ত ঘোষণা করেছে।
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ইউজিসির অনুমতিতেই পান্থপথ, পল্টন, উত্তরা ও মিরপুরে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি কিনে ভবন নির্মাণের জন্য রাজউকে নকশা জমা দেওয়া হয়েছে।
এশিয়ান ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছে, তাদের বিরুদ্ধে অনুমোদনহীন ক্যাম্পাস পরিচালনার অভিযোগ সত্য নয়। আশুলিয়ায় ৩৫ বিঘা জমির ওপর নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাসে সেপ্টেম্বরে শিক্ষা কার্যক্রম শুরুর প্রক্রিয়া চলছে।
প্রতিবেদকের বক্তব্য: তিনটি বিশ্ববিদ্যালয় অনুমোদনহীন ক্যাম্পাস পরিচালনার কথা অস্বীকার করলেও গত শনিবার ইউজিসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এই দাবি সত্য নয়।
গত ২৩ জুন শিক্ষাসচিব ও ইউজিসির কর্মকর্তা পান্থপথে অতীশ দীপঙ্করের অবৈধ শাখা ক্যাম্পাস দেখেছেন। ইউজিসির ওয়েবসাইটে এখনো অনুমোদনহীন ক্যাম্পাসের তালিকায় পিপলস ইউনিভার্সিটির নাম রয়েছে। ইউজিসির একজন কর্মকর্তা বলেন, এশিয়ান ইউনিভার্সিটি অবৈধ ক্যাম্পাস পুরোপুরি বন্ধ হয়েছে কি না তা সরেজমিন দেখার পর বলা যাবে। সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাতেও বিশ্ববিদ্যালয়গুলোর এসব তথ্য দেওয়া হয়।