সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকেরবক্তব্য
‘বাঁশ-দড়ির জরুরি বহির্গমন সিঁড়ি’ শিরোনামে প্রথম আলোয় ১১ জুন প্রকাশিত সংবাদটির প্রতিবাদ করেছেন নাদিয়া, এসট্রাস ও রিগ্যাল গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম মুর্শেদী।
প্রতিবাদপত্রে বলা হয়, ওই ভবনে অবস্থিত কারখানা তিনটি বিদেশি ক্রেতাদের চাহিদা, বাংলাদেশ শ্রম আইন এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধ্যাদেশ, ২০০৩-এর বিধিবিধান মেনে পরিচালিত হয়। ভবনে বিপরীতমুখী দুটি সিঁড়ি আছে। অতিরিক্ত ব্যবস্থা হিসেবে রশি দ্বারা ওপর থেকে নিচ পর্যন্ত একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়, যা যেকোনো অগ্নি-দুর্ঘটনায় বা জরুরি প্রয়োজনে কর্মীদের উদ্ধারের জন্য ব্যবহার করা যেতে পারে। এই ব্যবস্থা জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল বাইরে থেকে ভেতরে যাওয়ার জন্য। কোনো অবস্থাতেই জরুরি বহির্গমন সিঁড়ি নয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধ্যাদেশ, ২০০৩-এর শর্ত মোতাবেক দুটি রশির মাঝে বাঁশ বেঁধে মইয়ের রূপ দেওয়া হয়। এটি ভবনের সর্বোচ্চ তলায় জানালার কাছে গোছানো ছিল। ১০ জুন কারখানার শ্রমিকদের অবৈধ দাবি না মানায় তাঁরা তা নামিয়ে ফেলেন এবং উপস্থিত সাংবাদিকদের বিষয়টির অপব্যাখ্যা দেন।
প্রতিবেদকের বক্তব্য: কারখানার শ্রমিক, ব্যবস্থাপনা পরিচালক ও এজিএমের (প্রশাসন) বক্তব্য যথাযথভাবে উপস্থাপন করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ওই ভবনে এক হাজারের অধিক শ্রমিক কাজ করেন। বাংলাদেশ ইমরাত নির্মাণ বিধিমালা অনুযায়ী, এক হাজারের অধিক লোক থাকলে চারটি সিঁড়ি থাকতে হবে। ভবনে যে দুটি সিঁড়ি আছে, তা শ্রমিকদের প্রবেশপথ। যদি বাঁশ-দড়ির সিঁড়িটি জরুরি বহির্গমন না হয়, তাহলে ওই ভবনে আইন অনুযায়ী কোনো জরুরি বহির্গমন পথ নেই।
জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ভরতচন্দ্র প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধ্যাদেশ, ২০০৩ বলে কোনো কিছু নেই। অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩ নামে যে আইন আছে, তাতেও উদ্ধারকাজে ব্যবহারের জন্য রশি-বাঁশ দিয়ে নির্মিত সিঁড়ির ব্যাপারে কোনো কথা নেই।