সংবাদের প্রতিবাদ প্রতিবেদকের ব্যাখ্যা
‘হল-মার্ক কেলেঙ্কারি মামলা, পাঁচজনের ১২টি এফডিআর ও ব্যাংক হিসাব মুক্ত’ শিরোনামে ২৩ জানুয়ারি প্রথম আলোয় প্রকাশিত খবরের একাংশের প্রতিবাদ করেছেন হল-মার্ক কেলেঙ্কারি মামলার আসামি তুষার আহমেদের আইনজীবী মো. বোরহান উদ্দিন।
প্রতিবাদে বলা হয়েছে, হল-মার্ক মামলার আসামি তুষার আহমেদ প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক নন। খবরে প্রকাশিত দুটি এফডিআর হিসাবের মালিকও তিনি নন। তুষার আহমেদ এফডিআর হিসাব দুটির নমিনি লুবনা সুলতানার কেউ নন। তুষার আহমেদ এই হিসাব অবমুক্ত করার জন্য আবেদনও করেননি।
প্রতিবেদকের বক্তব্য: হিসাব অবমুক্ত করার জন্য তুষার আহমেদ আবেদন করেছেন বলে প্রতিবেদনে বলা হয়নি। তিনি লুবনা সুলতানার ‘কেউ’ তাও বলা হয়নি। তবে প্রতিবেদনে দুটি হিসাব তুষার আহমেদের বলা হয়েছে, যা ঠিক নয়। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।
তবে এই দুটি হিসাবের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মুজিবুর রহমান আদালতে যে প্রতিবেদন দিয়েছেন তাতে বলা হয়েছে, উল্লেখিত এফডিআর দুটির একটির অর্থের উৎস হল-মার্ক গ্রুপের জেনারেল ম্যানেজার তুষার আহমেদ। এর নমিনি লুবনা সুলতানা। তিনি হল-মার্ক গ্রুপের জেনারেল ম্যানেজার আসলাম উদ্দিনের স্ত্রী। টাকার পরিমাণ ১.০২৮ কোটি টাকা।
অপর এফডিআর হিসাবে যে ১.০২ কোটি টাকা আছে তার উৎস টি অ্যান্ড এন ট্রেডিং ইন্টারন্যাশনাল, যার হিসাব পরিচালনা করেন যৌথভাবে হল-মার্ক গ্রুপের জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল) তুষার আহমেদ ও জেনারেল ম্যানেজার আসলাম উদ্দিন। এর নমিনি তুষার আহমেদের স্ত্রী নাজনীন সুলতানা ও আসলাম উদ্দিনের স্ত্রী লুবনা সুলতানা।
এই বর্ণনা দেওয়ার পর প্রতিবেদনের শেষে তদন্ত কর্মকর্তা বলেন, ‘উক্ত ১২টি ব্যাংক অ্যাকাউন্ট হল-মার্কের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে দাখিলকৃত অত্র মামলার চার্জশিটের অর্থের সাথে সরাসরি সম্পৃক্ত নয় মর্মে প্রতীয়মান হয়।’
এই প্রতিবেদন এবং এর আগে দেওয়া দুদকের অনাপত্তিপত্রের ভিত্তিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা হিসাবগুলো অবমুক্তির আবেদন মঞ্জুর করেন। আদালতে চার ব্যক্তি—রেজাউল করিম, আবদুস সাত্তার মোল্লা, লুবনা সুলতানা ও আসলাম উদ্দিনের ১২ হিসাব অবমুক্তির আবেদন করা হয়। আদেশে বলা হয়, আবেদনের বিরুদ্ধে দুদকের বিশেষ কৌঁসুলি কোনো আপত্তি করেননি।