সংবাদের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি নিয়ে প্রশ্ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশা চালকদের ওপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হামলার ঘটনায় প্রকাশিত খবরের সত্যতা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি নিয়ে প্রশ্ন উঠেছে।প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের বিষয়ে কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষকেরা বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন ঘটনার তদন্ত করতে পারে না। গত শুক্রবার সিএনজিচালিত অটোরিকশা চালকদের ওপর দুই দফা হামলা চালায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হকের অনুসারীরা। পরদিন বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই দিন দুপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের সঙ্গে বৈঠক শেষে সমিতির কার্যালয় খুলে দেয়।ওই দিন প্রতিবেদনের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে সাংবাদিকদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করে ছাত্রলীগ। এক ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিমের নির্দেশে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান আবদুল্লাহ আল ফারুক প্রথম আলোকে বলেন, ‘সাংবাদিকেরা যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেহেতু প্রকাশিত সংবাদ নিয়ে কর্তৃপক্ষ তদন্ত করতে পারে। এ জন্য প্রতিবেদনটির সত্যতা যাচাই করবে কমিটি। সঙ্গে শনিবারের ঘটনাও তদন্ত করা হবে।’ যত দ্রুত সম্ভব প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। তবে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের বিষয়ে তদন্ত নিয়ে কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষকেরা বলছেন ভিন্ন কথা। এ প্রসঙ্গে হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শংকর প্রসাদ দে ও চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম সাংবাদিকদের বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে তিনটি মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে পারেন ভুক্তভোগী। তা হলো: প্রথমত, প্রকাশিত সংবাদ মনঃপূত না হলে প্রথমে সংবাদপত্রে প্রতিবাদলিপি দিতে পারেন। দ্বিতীয়ত, প্রতিবাদলিপি না ছাপালে ভুক্তভোগী প্রেস কাউন্সিলে মামলা করতে পারেন। আর ব্যক্তিগতভাবে ভুক্তভোগী যদি মনে করেন প্রতিবেদনের কারণে তাঁর সমঞ্চানহানি হয়েছে তাহলে তিনি আদালতে মানহানির মামলা করতে পারেন। এ ছাড়া বাংলাদেশের কোনো আইনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশিত প্রতিবেদন নিয়ে ব্যবস্থা নিতে পারে না।