সংবাদের ৬০ বছর পূর্তিতে বিশিষ্টজনদের আড্ডা
দৈনিক সংবাদ-এর ৬০ বছর পূর্তিতে গতকাল বুধবার দেশের বিশিষ্টজনদের আড্ডা বসেছিল হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে। শিক্ষাবিদ, কবি, রাজনীতিক, বিভিন্ন পত্রিকার সম্পাদক, চলচ্চিত্রকার, কবি, কথাসাহিত্যিকসহ বিশিষ্টজনদের আগমনে মিলনায়তন পরিণত হয়েছিল মিলনমেলায়। ৬০ বছর পূর্তির দিনটিকে স্মরণীয় করে রাখতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সংবাদ কর্তৃপক্ষ। সংবাদ পত্রিকাটিকে ঘিরে রয়েছে বিশিষ্টজনদের আশা, ভালো লাগা, চাওয়া-পাওয়া। ড. আনিসুজ্জামান প্রথম আলোকে বলেন, সংবাদের সঙ্গে অনেকেরই নাড়ির টান রয়েছে। তবে পত্রিকাটি আরও ভালো করা উচিত। শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, ৬০ বছর টিকে থাকা একটি পত্রিকার জন্য বড় সাফল্য।সংবাদ-এর এই মিলনমেলায় উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ, ইন্ডিপেন্ডেন্ট-এর সম্পাদক মাহবুবুল আলম, মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউএজ-এর সম্পাদক নুরুল কবীর, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সিপিবির সভাপতি মঞ্জুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, হায়দার আকবর খান রনো, কামাল লোহানী, হাশেম খান, মুনতাসির মামুন, এম এম আকাশ, ফকির আলমগীর, নির্মলেন্দু গুণ, রফিক আজাদ, অসীম সাহা, হাসনাত আবদুল হাই, গোলাম মুরশিদ, চাষী নজরুল ইসলাম, সাদত সেলিম, খোন্দকার ইব্রাহিম খালেদ, খন্দকার বজলুল হক, মহিউদ্দিন খান আলমগীর, গীতি আরা সাফিয়া প্রমুখ।