সংবিধান অনুযায়ী নির্বাচন, স্থান নেই তত্ত্বাবধায়কের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তথা বিদেশিদের হস্তক্ষেপ না করার কথা বলেছেন ক্ষমতাসীন ১৪ দলের সাংসদেরা। তাঁরা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে। এখানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বা অন্য কিছুর স্থান নেই।

গতকাল রোববার জাতীয় সংসদে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ‘স্ট্রেন্দেনিং ভয়েসেজ ফর ডেমোক্রেসি’ বিষয়ে এক আলোচনায় তাঁরা এসব কথা বলেন।

জাতীয় সংসদের চিফ হুইপ আলোচনার প্রস্তাবটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হয়।

আলোচনায় আওয়ামী লীগের আমির হোসেন আমু প্রশ্ন রেখে বলেন, ‘আমরা কি এক কোটি ২০ লাখ ভুয়া ভোটার করেছি? দলের আন্তর্জাতিক সম্পাদককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করেছি? দলীয় লোক দিয়ে নির্বাচন কমিশন করেছি?’ তিনি আরও বলেন, আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হয়েছে। এখন এ ব্যবস্থা ফিরিয়ে আনা হলে কেউ মামলা করলে তা বাতিল হয়ে যাবে।

তোফায়েল আহমেদ বলেন, পৃথিবীর সংসদীয় গণতন্ত্র প্রবর্তিত দেশগুলোয় যেভাবে নির্বাচন হয়, সেভাবেই এগিয়ে যেতে হবে।

মার্কিন হস্তক্ষেপের সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘যাঁরা ওপর থেকে কথা বলছেন, তাঁদের মতলবও পরিষ্কার না। মিসরে গণতন্ত্র এল, কী এক কথা বলে তাদের সরিয়ে দিলেন। আবার সিরিয়ায় জাহাজ পাঠিয়ে দিলেন। যেই না রাশিয়া জাহাজ পাঠিয়ে দিল, তখন বললেন, আসুন আলোচনা করি।’

শেখ ফজলুল করিম সেলিম বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের উদ্দেশে বলেন, ‘আপনি বাহাত্তরের সংবিধানের প্রণেতা ছিলেন। আপনি তিয়াত্তরের নির্বাচনে অংশ নিয়েছিলেন? আপনি কীভাবে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে থাকেন?’

তবে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের মানুষকে জিম্মি করবেন না। জনগণ চায় গ্রহণযোগ্য নির্বাচন।’

বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ প্রসঙ্গে মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘যে সাদা চামড়ারা আমাদের নসিহত করছেন, তাঁরা ভাবলেন, সিরিয়ানরা সিরিয়ানদের মারছেন, চলেন আমরা কিছু সিরিয়ান মেরে আসি।’ তিনি আরও বলেন, ‘এই জনবহুল দেশে গণতন্ত্র ভঙ্গুর নয়। যাঁরা আলোচনার পরামর্শ দেন, তাঁরা আমাদের ইতিহাস জানেন। আমাদের ইতিহাস না জেনে অযাচিত পরামর্শ দেবেন না।’

সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, ‘যা হবে, জাতিসংঘের মাধ্যমে হবে।’

আলোচনায় আরও অংশ নেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, রাশেদ খান মেনন, আলী আশরাফ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ফজলে রাব্বী মিয়া, আবদুর রহমান প্রমুখ।

সংসদ বহাল রেখে নির্বাচনের নজির: জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় আওয়ামী লীগদলীয় সাংসদেরা বলেন, সংসদ বহাল রেখে নির্বাচন অনুষ্ঠানের নজির পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে আছে। বিরোধী দলের ইচ্ছা হলে সেই নির্বাচনে অংশ নেবে; আর অংশ না নিলে তাদের অবস্থা মুসলিম লীগের মতো হবে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ সময় অধিবেশনের সভাপতিত্ব করেন।

সন্ধ্যায় মাগরিবের নামাজের পর তোফায়েল আহমেদ অনির্ধারিত আলোচনার সূত্রপাত করে বলেন, ভারতে ১৫টি সংসদের মধ্যে ছয়টি বিলুপ্ত হয়েছে। তারপর নির্বাচন হয়েছে। কিন্তু আটটি সংসদ বহাল রেখেই সে দেশে নির্বাচন হয়েছে। সুতরাং স্পিকার ২৪ জানুয়ারির মধ্যে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন, তা তিনি সংবিধানসম্মতভাবেই বলেছেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ভারত, অস্ট্রেলিয়া, কানাডায় সংসদ রেখেই নির্বাচন করার নজির আছে। কেবল ইংল্যান্ডে সংসদ বিলুপ্ত করে নির্বাচন হয়। কারণ, তাদের লিখিত সংবিধান নেই।

এ বক্তব্যের বিরোধিতা করে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেন, ভারত বা অস্ট্রেলিয়ায় নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি হয়নি। সুতরাং প্রহসনের নির্বাচন করবেন না।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘কিসের তত্ত্বাবধায়ক সরকার? কিসের সার্বজনীন সরকার? প্রধানমন্ত্রীকে যিনি তুচ্ছতাচ্ছিল্য করেন, তাঁর সঙ্গে কিসের আলোচনা?’