সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে: কমিশনার জাবেদ আলী
নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আইন ও বিধি মোতাবেক স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যা যা করা দরকার, কমিশন তা করে যাচ্ছে।
আজ শুক্রবার সকালে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা সার্ভার স্টেশনের উদ্বোধনের পর মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এ কথা বলেন।
বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়ে জাবেদ আলী বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে কাজ করতে প্রস্তুত রয়েছে বর্তমান নির্বাচন কমিশন। তাই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সময়ের কাজের মূল্যায়ন পাব এবং আমাদের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব আইন মোতাবেক পালন করব।’
উপজেলা সার্ভার স্টেশন সম্পর্কে জাবেদ আলী বলেন, যে কেউ ১৮ বছর বয়স হলেই এখান থেকে ভোটার হতে পারবেন এবং আইডি কার্ড নিতে পারবেন। আমরা এক দিনেই তাঁকে ভোটার করার ও আইডি কার্ড প্রদানের জন্য কাজ করে যাচ্ছি। বর্তমানে ঢাকা শহরে এক দিনে ভোটার করা ও আইডি কার্ড প্রদান করা হয়। ভবিষ্যতে প্রতিটি সার্ভার স্টেশন থেকে এটি দেওয়া হবে।
মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান শোভা মিয়া আকন্দ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আলীমুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।