সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা
শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। সে নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দেবে।
আজ সোমবার গণভবনে তৃণমূলের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আজকের মতবিনিময় সভায় ঠাকুরগাঁও, কক্সবাজার, বাগেরহাট, গাইবান্ধা, ফেনী, সিরাজগঞ্জ ও মুন্সিগঞ্জের তৃণমূল নেতারা অংশ নেন। আগামী নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে ধারাবাহিকভাবে এ বৈঠক হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত ও হেফাজত দেশকে অন্ধকারের পথে নিয়ে যেতে চায়। বিএনপি ক্ষমতায় আসা মানেই দেশকে পিছিয়ে দেওয়া ও অন্ধকারের পথে ঠেলে দেওয়া। জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা অন্ধকারের যুগে ফিরে যাবে, নাকি আলোর পথে যে অগ্রযাত্রা শুরু হয়েছে, সেই পথেই থাকবে। আমার দৃঢ় বিশ্বাস, দেশের জনগণ অন্ধকার নয়, আলোর পথে থাকতেই নৌকাকে বিজয়ী করবে।’
বিরোধী দলের নেতা খালেদা জিয়ার ‘অন্যভাবে দেশ পরিচালনার’ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘উনি বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিদিনই উৎখাতের হুমকি দিচ্ছেন। কারণ, দেশের উন্নয়ন তাঁর সহ্য হচ্ছে না। আগে হাওয়া ভবন খুলে দুর্নীতি করে দুই ছেলেকে দিয়ে বিদেশে অর্থ পাচার করিয়েছেন। এখন অন্যভাবে দেশ পরিচালনার নামে হাওয়া ভবনের পরিবর্তে নতুন ভবন খুলে নতুনভাবে দুর্নীতি করতে চান।’ তিনি বলেন, ‘বিরোধী দলের নেতা জামায়াত ও হেফাজতকে সঙ্গে নিয়ে তেঁতুল তত্ত্ব দিয়েছেন। তিনি মেয়েদের পড়াশোনা বন্ধ এবং গার্মেন্টস শ্রমিকসহ লাখ লাখ নারী চাকরি করছেন, তাঁদের চাকরি করতে না দিয়ে ঘরে নিয়ে বসাবেন। দেশকে উনি আবারও অন্ধকারের পথে ঠেলে দিতে চান। দেশবাসী বিশেষ করে নারীসমাজকে সিদ্ধান্ত নিতে হবে, তাঁরা কোন পথে যেতে চান—অন্ধকারের পথে, নাকি আলোর পথে।’
সংসদীয় গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে গণতন্ত্র ফিরে পেয়েছি। এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। কারণ, গণতন্ত্র ছাড়া কোনো দেশ প্রকৃত উন্নয়ন করতে পারে না।’
আগামী নির্বাচন দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘নিজে (খালেদা জিয়া) ক্ষমতায় থাকতে জনগণের ভোট চুরি করেছিলেন বলেই সবাইকে চোর ভাবেন। ক্ষমতায় থাকতে তিনি হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন বলেই সবাইকে খুনি ভাবেন।’

বিদ্যুৎকেন্দ্রে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে আন্দোলনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, একশ্রেণীর মানুষ হায় হায় করছেন। এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন হলে সুন্দরবন নাকি ধ্বংস হয়ে যাবে। এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। এতে সুন্দরবনের কোনোই ক্ষতি হবে না। আর এমন বিদ্যুৎকেন্দ্র তো অনেক আগে বড়পুকুরিয়ায় স্থাপন করা হয়েছে। সেখানকার কোনো মানুষের বা জমিজমা, গাছপালার কোনো ক্ষতি হয়নি। মানুষের জন্য দরদ নেই, এমন অনেকেই সুন্দরবন নিয়ে মায়াকান্না করছেন। এর সঙ্গে সুর মিলিয়েছেন বিরোধীদলীয় নেত্রীও। কারণ, তিনি তো বিদ্যুৎ উৎপাদন করতে পারেননি, অন্যকে করতে দেবেন কেন।’

আ.লীগের বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
আওয়ামী লীগের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সংলাপের আহ্বান জানালে বিরোধীদলীয় নেত্রী আমাকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বললেন, আমি নাকি পালাবারও পথ খুঁজে পাব না। এরপর বিএনপি নেত্রী দলের ক্যাডার, জামায়াত-শিবির ও হেফাজতকে দিয়ে মসজিদে আগুন দিলেন, শত শত কোরআন শরিফ পুড়িয়ে দিলেন। বিশ্বের ইতিহাসে একদিনে এত কোরআন শরিফ পুড়িয়ে দেওয়ার ঘটনা আর নেই।’