পররাষ্ট্রমন্ত্রীর অভিমত
সংবিধান অনুযায়ী পার্বত্য জেলার অবাঙালিরা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী
দেশের তিন পার্বত্য জেলার লোকজনকে সংবিধান অনুযায়ী ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করা হয়েছে। কাজেই তাদের পরিচয় সেভাবেই থাকবে।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল তাঁর দপ্তরে আন্তমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলোকে বিভিন্ন বিতর্কে জড়িয়ে ফেলা হচ্ছে। বাংলাদেশের সংবিধানে প্রত্যেক নাগরিকের সমান সুযোগ ও সমান অধিকারের কথা বলা আছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আমরা চাই প্রত্যেক নাগরিক সমান সুযোগ-সুবিধা পাক।’দীপু মনি বলেন, দেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর রয়েছে স্বতন্ত্র সাংস্কৃতিক ও জাতিগত বৈশিষ্ট্য। তাদের পরিচয় সংবিধানে যেভাবে উল্লেখ রয়েছে, সেভাবেই থাকবে। পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী শফিক আহমেদ, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।