সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ সুশীল সমাজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে নির্বাচন কমিশনকে (ইসি) সংবিধান ও আইন অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁরা এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনারও পরামর্শ দেন।গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন আয়োজিত সংলাপে প্রতিনিধিরা এসব পরামর্শ দেন। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি) সম্মেলনকক্ষে এ সংলাপ হয়।সংলাপে সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে কমিশনের সুনির্দিষ্ট প্রস্তাব না থাকার সমালোচনা করেন প্রতিনিধিরা। তাঁদের বেশির ভাগই ঢাকা শহরের আসন সুনির্দিষ্ট করে জনসংখ্যার ভিত্তিতে সীমানাবিন্যাসের কথা বলেন।সংলাপে আলোচকদের মতামত গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ নিজস্ব মতামত দেননি। আলোচনায় বেশ কয়েকজন প্রতিনিধি সীমানা পুনর্নির্ধারণের পদ্ধতি, রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের সময়, কমিশনের নাম পরিবর্তনের বিষয়ে পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের সত্যাসত্য নিয়ে প্রশ্ন করেন। সিইসি এসব প্রশ্নের জবাব না দিয়ে সংলাপের সমাপ্তি টানেন।সংলাপে জ্যেষ্ঠ দুই আইনজীবী রফিক-উল হক ও এম আমীর-উল ইসলাম ভোটার সংখ্যা যাতে কম-বেশি না হয়, সেদিকে লক্ষ রেখে জনসংখ্যার ভিত্তিতে আসনের সীমানাবিন্যাসের পরামর্শ দেন। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, নির্বাচন কমিশন একমাত্র সংবিধান এবং সংসদের কাছে দায়বদ্ধ, কোনো দল বা গোষ্ঠীর কাছে দায়বদ্ধ নয়। কিন্তু বর্তমান কমিশন যেভাবে কাজ করছে, তাতে দর্শনীয়ভাবে কমিশনের স্বাধীনতা ও দৃঢ়তা অনুপস্থিত। তিনি মত দেন, রাজনৈতিক দলের মতামতই সীমানাবিন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, ‘সীমানাবিন্যাসের ব্যাপারে আগে আপনারা একটি প্রস্তাব তৈরি করেন। তারপর আমাদের মতামত নেন।’ রাজনৈতিক দলের সঙ্গে দ্রুত মতবিনিময়ের আহ্বান জানান অধ্যাপক এম এম আকাশ বলেন।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, জনসংখ্যার বিষয়টি বিবেচনায় নিয়ে এবং ঢাকা শহরের আসন নির্দিষ্ট করে আসনের সীমানাবিন্যাস করা যেতে পারে। তবে এ বিষয়ে কমিশন থেকে একটি রূপরেখা তৈরি করে আলোচনা করা হলে তা আরও ফলপ্রসূ হবে।প্রাবন্ধিক ফরহাদ মজহার বলেন, অতীতে প্রতিবারই আসনের সীমানাবিন্যাস হয়েছে রাজনৈতিক দলের স্বার্থ মাথায় রেখে। এবারও যাতে সে রকম না হয়, সে বিষয়ে লক্ষ রাখতে হবে।জ্যেষ্ঠ আইনজীবী খোন্দকার মাহবুব হোসেন বলেন, জনসংখ্যা, আঞ্চলিক অখণ্ডতা, প্রশাসনিক বিন্যাস—সবকিছু বিবেচনায় নিয়ে আসনের সীমানাবিন্যাস করতে হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সীমানাবিন্যাস এবং নির্বাচনকেন্দ্রিক অন্যান্য বিষয়ে কমিশন থেকে আগেই কৌশলপত্র প্রণয়ন করা হলে কাজ করতে সুবিধা হবে।গণমাধ্যম বিশেষজ্ঞ মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, সীমানাবিন্যাসের বিষয়টি পক্ষপাতহীনভাবে করতে হবে। নইলে দেশজুড়ে মামলা-মোকদ্দমা হবে। তাতে নির্বাচনের কাজ ব্যাহত হবে। অধ্যাপক দিলারা চৌধুরী মন্তব্য করেন, সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে বর্তমান কমিশনের ভূমিকা অনেকাংশে প্রশ্নবিদ্ধ হয়েছে।যথাসময়ে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন না হওয়া এবং এ বিষয়ে কমিশনের ভূমিকার সমালোচনা করেন প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, আইনজীবী সালমা আলী ও খুশী কবির।আলোচনায় আরও অংশ নেন অধ্যাপক মুনিরুজ্জামান মিঞা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, সাবেক সচিব মহিউদ্দিন আহমেদ, অধ্যাপক তারেক শামসুর রেহমান, তালেয়া রেহমান, মুনিরা খান, আরমা দত্ত, শারমিন মুর্শিদ, রেখা চৌধুরী, শাহজাহান খান প্রমুখ। গত ফেব্রুয়ারিতে পাঁচ সদস্যের নতুন কমিশন গঠনের পর এটাই প্রথম সংলাপ।