সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ত্রিশ লাখ শহীদের যে সংবিধান, জাতির জনক বঙ্গবন্ধুর যে সংবিধান, সে অনুযায়ীই আসন্ন সংসদ নির্বাচন হবে। সংবিধানে আছে, নির্বাচন করবে নির্বাচন কমিশন, আর যে সরকার তখন দায়িত্বে থাকবে, সে সরকার পরিচালনায় থাকবে।’
আজ শুক্রবার সন্ধ্যায় আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টন্কী মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। কে নির্বাচনে আসবে না আসবে, সেটা তার সিদ্ধান্তের ব্যাপার। নির্বাচন করতে গিয়ে কারও শর্ত মানা হবে না।’
আনিসুল হক আরও বলেন, ‘বিচারকদের সঙ্গে কথা বলেই তাঁদের শৃঙ্খলাবিধি করা হয়েছে। বিচারকদের শৃঙ্খলাবিধি করতে খুব একটা সময় লাগেনি। একজন সরে যাওয়ার পরই সেটা সম্ভব হয়েছে। তিনি সরে যাওয়ার পর যদি সমস্যার সমাধান হয়, তাহলে দোষটা কার, যিনি সরে গেছেন তাঁর, না আমাদের?’
আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারকে হত্যার পর কালো আইন করেছিলেন খুনি খন্দকার মোশতাক। আর জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ বিভিন্ন সময়ে এ আইনকে রক্ষা করেছে। বিভিন্ন সময়ে খুনি ও রাজাকারদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয়েছে। তাঁরা রাজনীতিতে এসে বাংলাদেশের সর্বনাশে মেতে উঠেছিল। এখন আবার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে।’
মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন প্রমুখ।