সংবিধান ও সংসদ সম্পর্কে অশালীন বক্তব্য অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান (এনজিও) সংবিধান, সংসদ ও রাষ্ট্র সম্পর্কে কোনো ধরনের অশালীন বক্তব্য দিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটি বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) বিলে এই বিধান রাখার সুপারিশ করেছে।
সংসদীয় কমিটির সভাপতি ও উপকমিটির আহ্বায়ক সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার সংসদ ভবনে উপকমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বৈদেশিক অনুদান বিল নিয়ে আলোচনা হয় এবং সংবিধান, সংসদ ও রাষ্ট্র সম্পর্কে অশালীন বক্তব্যের বিষয়টি বিলে অন্তর্ভুক্ত করার জন্য সংসদের আইন শাখাকে নির্দেশ দেওয়া হয়।
সুরঞ্জিত সেনগুপ্ত এ বিষয়ে প্রথম আলোকে বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন যাতে সংবিধান, সংসদ বা রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে কোনো কটাক্ষ করতে না পারে সে জন্য আইনে কিছু একটা রাখতে হবে। তবে এমন কিছু করা হবে না, যাতে প্রতিষ্ঠানের স্বাতন্ত্র৵ ক্ষুণ্ন হয়। সংসদ ভবনের আইন শাখা সূত্র জানায়, অপরাধ সংশ্লিষ্ট কমিটির প্রস্তাবিত ধারাটি বিলে অন্তর্ভুক্ত করে তা আবার কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে।
অপরাধের শাস্তি সম্পর্কে প্রস্তাবিত আইনের ১৫ ধারায় বলা হয়েছে, কেউ অপরাধ করলে এনজিও ব্যুরো চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সংশোধনের নির্দেশ, নিবন্ধন বাতিল বা স্থগিত এবং প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের বক্তব্যকে ঘিরে সাংসদেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
গত ৩০ সেপ্টেম্বর বিলটি নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা হয়। ওই বৈঠকে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদ, এনজিও ব্যুরোর মহাপরিচালক নুরুন নবী তালুকদার, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এবং সেভ দ্য চিলড্রেন, কনসার্ন ওয়ার্ল্ড বাংলাদেশ, এনজিও ফেডারেশন, ব্র্যাক, অক্সফাম, এডাবসহ অন্যান্য প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, কমিটি ভুয়া এনজিওর তৎপরতা নিয়ন্ত্রণ এবং বিদেশ থেকে আসা টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে।
বৈঠকে এনজিওগুলো থেকে লিখিত মতামত উপস্থাপন করা হয়। তাতে বলা হয়েছে, এনজিও ব্যুরোকে নিজস্ব ক্ষমতার বাইরে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনের ফলে প্রবাসীরা জনহিতকর কাজে নিরুৎসাহিত হবে। অবৈধ অর্থ প্রবাহ ও কর ফাঁকির আশঙ্কা বাড়বে। এ ছাড়া তারা খরচের ভাউচার সর্বোচ্চ পাঁচ বছর সংরক্ষণে রাখার প্রস্তাব করে। কমিটি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবকে গ্রহণযোগ্য বলে মতামত দেয়।