দেশের সংবিধানের অন্যতম প্রণেতা গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংবিধানকে কার্যকর রূপ দেওয়ার জন্য সুস্থ রাজনীতি চালু করতে হবে। গতকাল বৃহস্পতিবার সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে সংবিধান বিল পাস হয়েছিল। আইনজ্ঞ কামাল হোসেন ছিলেন সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির চেয়ারম্যান।রাজধানীর মুুক্তি ভবনে আলোচনা সভার আয়োজন করে গণফোরাম। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কামাল হোসেন বলেন, ‘দেশের রাজনীতি রোগে আক্রান্ত। আজকাল দলের চেয়ে উপদল বড়। চাঁদাবাজ, টেন্ডারবাজদের আইন ধরতে পারে না।...১০ ট্রাক অস্ত্র বিষয়ে মামলা হয় ছয় বছর পর।’দেশের সংবিধানকেই দিনবদলের সনদ আখ্যা দিয়ে কামাল হোসেন বলেন, ‘ভূমিদস্যুরা আঙুল ফুলে পাঁচ বছরে কলাগাছ হয়ে যাবে, এটা দিনবদল নয়। দিনবদল হলো কোটি কোটি মানুষের মুক্তি। সংবিধানে সে নির্দেশনাই দেওয়া আছে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আবদুর রউফ। সভায় উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ মোহাম্মদ শামসুদ্দোহা প্রমুখ।