সংবিধান কী বলেছে তা নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, ‘সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুসারে জনগণ সব ক্ষমতার উৎস। নির্বাচনে যাচাই-বাছাইয়ের পর একটি নাম পেলাম, নির্বাচিত হিসেবে ঘোষণা করে দেওয়া হলো। সরকারি প্রেসে নাম ছাপা হয়ে গেল। কিন্তু সংবিধানের ৬৫(২) অনুসারে জনগণের ভোটে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। এভাবে বেশির ভাগ এবার নির্বাচিত হয়েছেন। সংবিধান অনুসারে এভাবে নির্বাচিত ব্যক্তিদের কি আসলে জনপ্রতিনিধি বলা যায়? সংবিধান আমাদের জন্য কী নিশ্চিত করেছে, তা দেখতে হবে।’
কোনো সংসদীয় আসনে একক প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণাসংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারা প্রশ্নে রুল শুনানিতে অংশ নিয়ে গতকাল বৃহস্পতিবার অ্যামিকাস কিউরি হিসেবে কামাল হোসেন এ মত দেন।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করেন।
শুনানিতে কামাল হোসেন আরও বলেন, নির্বাচিত মানে প্রকৃত অর্থে জনগণের দ্বারা নির্বাচিত হতে হবে। নির্বাচন মানে হলো জনগণের সরকার। কী ধরনের সংসদ সদস্য নির্বাচন করা হবে, এটিও জনগণের সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটি সাংবিধানিক ও স্বাধীন প্রতিষ্ঠান। সংবিধানে ইসিকে স্বাধীন ও নিরপেক্ষ হবে বলা হয়েছে। কিন্তু এর প্রতিফলন কি আমরা বিগত নির্বাচনে দেখেছি?
কামাল হোসেন আরও বলেন, ইসি নিরপেক্ষ থাকবে সংবিধানে বলা আছে। সরকার বলল নির্বাচন করে ফেলো, অন্যরা বলল অংশ নেবে না। তুমি শুধু সামনে এগিয়ে গেলে। এটা সংবিধানের নির্দেশনা নয়। যে কারণে নির্বাচন কমিশনের প্রতি বিশ্বাসহীনতা যেমন এসেছে, তেমনি নির্বাচন বয়কটও কোনো সমাধান নয়। জনগণের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই ইসির দায়িত্ব।’
১৯৮৬, ১৯৯১ ও নূর হোসেনের প্রসঙ্গে টেনে কামাল হোসেন বলেন, ‘নির্বাচন না হলে গণতন্ত্র থাকে না। ’৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন ও মাগুরার নির্বাচনও আমরা দেখেছি। ’৮৬ সালে ভোটের বাক্স বোঝাই করে মিডিয়াকে নিয়ে দেখানো হয়েছে।’
নূর হোসেনের প্রসঙ্গ টেনে কামাল হোসেন বলেন, এই নূর হোসেন নারায়ণগঞ্জের নূর হোসেন নয়। গণতন্ত্রের জন্য প্রাণ দেওয়া নূর হোসেন। তিনি গণতন্ত্রের মুক্তি চেয়েছিলেন৷ নিজের জন্য কিছু চাননি৷ প্রায় দেড় ঘণ্টার মতো উপস্থাপনের পর বিকেল চারটায় অসমাপ্ত অবস্থায় তা শেষ হয়। আগামী বুধবার তিনি মতামত তুলে ধরবেন।