সংবিধান ছুড়ে ফেলতে চান যাঁরা তাঁদের পাকিস্তানে যাওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাঁরা লাখো শহীদের রক্তে অর্জিত পবিত্র সংবিধান ছুড়ে ফেলে দিতে চান, তাঁরা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। বাংলাদেশের স্বাধীনতায় তাঁরা খুশি নন। তাঁদের হূদয়ে পাকিস্তান। পাকিস্তানেই তাঁদের চলে যাওয়া উচিত।গণভবনে গতকাল বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিকেল সাড়ে পাঁচটায় বৈঠক শুরু হয় এবং মাগরিবের বিরতি দিয়ে রাত পৌনে ১০টায় এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত তা চলছিল।শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উদ্বোধনী বক্তব্যের পর শোকপ্রস্তাব গ্রহণসহ সাংগঠনিক, আর্থসামাজিক ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। বৈঠকে দেশব্যাপী কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক সফরসূচি, শোকাবহ ১৫ আগস্ট ও ২১ আগস্টের কর্মসূচি চূড়ান্ত হয় বলে জানা গেছে।শেখ হাসিনা বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৩৫ বছর পর মুক্তিযুদ্ধের মূল চেতনা প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মানুষ কলুষমুক্ত হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে অগণতান্ত্রিক ও অবৈধ পন্থায় ক্ষমতা দখলের পথ বন্ধ করে গণতন্ত্রকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানো হয়েছে। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, যতই আন্দোলন বা ষড়যন্ত্র-চক্রান্ত করা হোক, বাংলাদেশের মাটিতে ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী, যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের বিচার হবেই।প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন বিষয়ে বলেন, নির্বাচন কমিশনকে আরও স্বাধীন ও শক্তিশালী করে গড়ে তুলতে যা কিছু করার, তার সবই করা হবে। জনগণের ভোটাধিকার রক্ষার জন্যই এটা করা হবে। বর্তমান সরকারের সময় স্থানীয় ও উপনির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা, সিটি করপোরেশন ও উপনির্বাচনের একটিতেও সরকার কোনো ধরনের হস্তক্ষেপ বা চাপ প্রয়োগ করেনি। জনগণ স্বাধীনভাবে যাকে ইচ্ছা ভোট দিয়ে বিজয়ী করেছে।শেখ হাসিনা বলেন, ‘বিরোধী দল কেন সংবিধান সংশোধনের বিরোধিতা করছে, তা বোধগম্য নয়। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধীদলীয় নেত্রীর এত ক্রন্দন কেন? আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছি, তখন উনি (খালেদা জিয়া) বলেছেন, পাগল ও শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ নয়। তাঁর সাধের তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতি ইয়েসউদ্দিনরা আমাকেসহ তাঁকে জেল খাটিয়েছেন, তাঁর দুই ছেলেকে দুর্নীতির দায়ে গ্রেপ্তার করে উত্তম-মধ্যম দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছেন। ওয়ান-ইলেভেনের পর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে উনি অনেক কথা বলেছেন। বিরোধীদলীয় নেত্রীকে হয় বলতে হবে তত্ত্বাবধায়ক সরকার ভালো, না হয় খারাপ।’বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার ঘোষণাকে ধিক্কার জানিয়ে শেখ হাসিনা বলেন, স্বাধীন দেশের মাটিতে পবিত্র সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার কথা বলার ধৃষ্টতা পান কীভাবে? ওনার স্বামী (জিয়াউর রহমান) বুটের তলায় সংবিধানকে পিষ্ট করেছেন, সঙ্গিনের খোঁচায় ক্ষতবিক্ষত করেছেন। স্বাধীনতার মূল চেতনা পর্যন্ত পরিবর্তন করেছেন অবৈধভাবে। তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তির পদলেহনকারী, ধারক-বাহকেরাই সংবিধান ছুড়ে দেওয়ার মতো কথা বলতে পারেন। কারণ তিনি (খালেদা জিয়া) ও তাঁর স্বামী মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন এবং সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনের সঙ্গে মুনাফেকি করেছেন।প্রধানমন্ত্রী থাকাকালে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের জনগণকে হত্যাকারী পাকিস্তানের জেনারেল জানজুয়ার মৃত্যুর পর খালেদা জিয়ার শোক প্রস্তাব পাঠানোর কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটির প্রতি, দেশের জনগণের প্রতি তাঁর (খালেদা জিয়া) কোনো টান নেই। তাঁর হূদয়ের টান কোথায়, তা জাতি জানতে চায়।১৫ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই প্রহসনের নির্বাচনে একটি দলও অংশ নেয়নি, ২ শতাংশও ভোট পড়েনি। বঙ্গবন্ধুর খুনিদের পাশে বসিয়ে প্রহসনের নির্বাচনে সৃষ্ট অবৈধ সংসদে রাতের অন্ধকারে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পাস করা হয়। তিনি বলেন, খুনিদের সঙ্গে নিয়ে পাস করা ওই অভিশপ্ত তত্ত্বাবধায়ক সরকার থাকে কী করে?