প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার মতো ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহারের জন্য বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘তা না হলে জাতি আপনাকে ক্ষমা করবে না।’স্বেচ্ছাসেবক লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ৩০ লাখ শহীদের রক্তে রঞ্জিত সংবিধানের অবমাননার জন্য বিরোধীদলীয় নেত্রীকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, যারা স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের বিজয় মেনে নিতে পারেনি, তারাই সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার মতো ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিতে পারে।স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। স্বেচ্ছাসেবক লীগের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। করতালি ও স্লোগানের মধ্য দিয়ে কেক কাটে প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদের ছেলে জাইফ ও মেয়ে এলিজা।শেখ হাসিনা বলেন, বেগম খালেদা জিয়ার পক্ষেই সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার মতো বক্তব্য দেওয়া স্বাভাবিক। কারণ, তাঁর স্বামী মুক্তিযুদ্ধে গেলেও তিনি যাননি। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি পাকিস্তানের একজন সেনা কর্মকর্তার মৃত্যুতে সব প্রথা ভেঙে শোকবার্তা পাঠিয়েছিলেন।প্রধানমন্ত্রী বলেন, একজন গুণী ব্যক্তি বলেছেন, মাত্র ১১ মিনিটে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস করা হয়েছে। সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী কত মিনিটে পাস হয়েছিল, তা যদি তিনি বলতেন, তাহলে ভালো হতো।স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সব নেতা-কর্মীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে উদ্দেশ্য নিয়ে স্বেচ্ছাসেবক লীগ গঠন করা হয়েছিল, তা সফল হয়েছে।প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ব্যাপক দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, বেগম জিয়া ও তাঁর দুই ছেলে জরিমানা দিয়ে কালোটাকা সাদা করেছিলেন। তিনি প্রশ্ন করেন, কালোটাকা সাদা করতে গিয়ে যে জরিমানা দিয়েছেন, সেই টাকা তাঁরা কোথায় পেলেন, তা খুঁজে বের করা প্রয়োজন।শেখ হাসিনা বলেন, ‘এখন বিদেশ থেকে প্রচুর পরিমাণ বিনিয়োগ আসছে। আমাদের যদি গ্যাস, বিদ্যুৎ-সংকট না থাকত, তাহলে আমরা আরও বিদেশি বিনিয়োগ পেতাম।’প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠানের নির্দেশ দেন। বাসস।যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিনিধিদলের সাক্ষাৎ: আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার একটি প্রতিনিধিদল গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের নেতারা জাতীয় ভোটার তালিকায় প্রবাসী বাংলাদেশিদের অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তাঁরা মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছেন বলে প্রধানমন্ত্রীকে জানান।জবাবে প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, বিশ্বব্যাপী বসবাসরত প্রবাসীদের কল্যাণে তাঁর সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক এবং দ্রুত মানি এক্সচেঞ্জ সিস্টেম চালু করেছে। পরে আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। এ সময় সজীব ওয়াজেদ জয়ও উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মোহাম্মদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।