সংবিধান তৈরি করেছে সংসদ, পরিবর্তনও করবে সংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সংবিধান তৈরি করেছে সংসদ, পরিবর্তন-পরিবর্ধনও করবে সংসদ। সংবিধান সংস্কারবিষয়ক সংসদীয় কমিটিতে বিএনপির প্রতিনিধির নাম অন্তর্ভুক্তির এখনো সুযোগ রয়েছে। আশা করি, বিএনপি এ কমিটিতে নাম পাঠাবে।গতকাল বৃহস্পতিবার রাজশাহী নগর ভবনে সিটি করপোরেশনের উন্নয়নমূলক কাজের পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ কথা জানান। বিকেলে রাজশাহীর সাহেব বাজার মোড়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যুবলীগের বিভাগীয় সমাবেশে সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগ যা বলে তাই করে। যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার ছিল। তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে অল্প দিনের মধ্যেই অভিযোগ গঠন করা হবে। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, যখন যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে তখন বিরোধী দল বিদ্যুৎ, দ্রব্যমূল্য ও যানজট সমস্যার কথা বলে ইস্যু তৈরির চেষ্টা করছে। আসলে তারা কোনোটাই চায় না। তারা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে চায়। তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে দেশের মানুষ আছে, তারা এই ষড়যন্ত্র প্রতিহত করবে। এ সময় তিনি যুবলীগকে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানান। মন্ত্রী যুবলীগ নেতা-কর্মীদের মাদক, দুর্নীতি ও সন্ত্রাসকে ‘না’ বলার আহ্বান জানান। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ইতিমধ্যে আইন সংশোধন, তদন্ত কর্মকর্তা নিয়োগসহ যাবতীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে। আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রেখে গ্রহণযোগ্য বিচার করা হবে। যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, হুইপ ও যুবলীগের সাধারণ সম্পাদক সাংসদ মির্জা আজম, যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রমুখ। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী বাস-ট্রাকযোগে সমাবেশে যোগ দেন।